যুগ বদলেছে, বদলেছে প্রযুক্তি, রীতি নীতি ও নিয়ম। কিন্তু এই নতুন নিয়মের জেরেই মুশকিলে পড়তে হয় বলিউডের বিখ্যাত তারকা অনুপম খেরকে। কিছু বছর আগেও শৌচালয়ের বাইরে শব্দে লেখা থাকত কোনটা মহিলাদের এবং কোনটা পুরুষদের জন্য। কিন্তু এখন নিয়ম অনেকটাই বদলেছে। শব্দের বদলে কোনোও কোনোও জায়গায় ব্যবহৃত হয় নির্দিষ্ট কিছু চিহ্ন। এই চিহ্নগুলি দেখে অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন অনুপম খের। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করে সেই বিভ্রান্তির কথা জানালেন অভিনেতা।
অনুপম সোশ্যাল মিডিয়াতে ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, “আজকাল একটা বিষয় আমি বুঝতে পারি না। পুরুষ ও মহিলাদের শৌচালয় বোঝানোর জন্য আজকাল কিছু ছবি বা চিহ্ন ব্যবহার করা হয়। এই ছবিগুলো ধন্দ তৈরি করতে পারে। রেস্তরাঁ, স্টুডিয়ো, সিনেমা হলের প্রেক্ষাগৃহের শৌচালয়ে এই চিহ্নগুলি দেখা যায়। আগে যেমন সাধারণ শব্দে লেখা থাকত, তেমন কেন হয় না?” অনুপম সেই ভিডিওতে সকলকে প্রশ্ন করেন, “আপনারাই বলুন, এই চিহ্নগুলি দেখে সংশয় তৈরি হয় কি না?”
এই ভিডিও এর কমেন্টে তার অনুরাগীদের অনেকেই অভিনেতার এই বক্তব্য নিয়ে মজা করেছেন, আবার অনেকে তাদের নিজেদের এই চিহ্ন নিয়ে বিভ্রান্তিকর অভিজ্ঞতাও তুলে ধরেছেন।







