রাজনীতিরাজ্য

বেফাঁস মন্তব্যে ভর্ৎসনা, তৃণমূলেই থাকছেন হুমায়ুন কবীর

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আবারও দলের ভর্ৎসনার মুখে। কিছুদিন আগে তিনি প্রকাশ্যে দল নিয়ে সমালোচনা করেন এবং নিজস্ব রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন। কিন্তু সোমবার বহরমপুর ও মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক নেতাদের নিয়ে হওয়া বৈঠকে তিনি উপস্থিত ছিলেন এবং বৈঠকের পর স্পষ্ট হয়েছে হুমায়ুন আপাতত তৃণমূলেই থাকছেন।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে সরাসরি হুমায়ুনকে সতর্ক করেন। সূত্রের দাবি, অভিষেক তাঁকে উদ্দেশ্য করে বলেন আপনি বারবার অপ্রাসঙ্গিক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন, নিষেধ সত্ত্বেও একই আচরণ চালিয়ে যাচ্ছেন। বৈঠকে উপস্থিত অন্য নেতাদেরও অযথা মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেন অভিষেক।

এদিনের, বৈঠকে বহরমপুর সাংগঠনিক জেলার ২২টি বিধানসভায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে ৬০০ কোটির বেশি অর্থ বরাদ্দের পরিকল্পনা ঘোষণা করা হয়। অভিষেক স্পষ্ট করে দেন, এই অর্থ সঠিকভাবে ব্যয় করাই ভোটে সাফল্যের অন্যতম শর্ত।

বৈঠকে নিজের এলাকায় ব্লক সভাপতির বিষয়ে আপত্তি জানান হুমায়ুন। অন্যান্য নেতাদের মতো তাঁর আপত্তিও নথিভুক্ত করা হয়। ব্লক সভাপতি পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.