মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে—এমন প্রত্যাশায় মঙ্গলবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ছিলেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী। বিকেল ২টায় ১১ নম্বর কোর্টে শুনানি শুরু হলেও, শেষ পর্যন্ত মামলার ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত আসেনি।
প্রধান আইনজীবী কপিল সিব্বাল হাজির থাকতে পারেননি, কারণ তিনি অন্য এক মামলার শুনানিতে ব্যস্ত ছিলেন। আজকের তালিকায় ছিল একাধিক গুরুত্বপূর্ণ বিষয়—তিনটি পৃথক আদালত অবমাননার মামলা, মার্চে ইউনিটি ফোরামের আবেদন, সংগ্রামী যৌথ মঞ্চের বাস্তবায়ন মামলা, রাজ্যের মডিফিকেশন অ্যাপ্লিকেশনসহ আরও কিছু নথি।
গত বৃহস্পতিবার আদালত রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করে মনে করিয়ে দেয়, অতীতে রাজ্যই রোপা আইনের ভিত্তিতে বকেয়াসহ ডিএ প্রদানের আশ্বাস দিয়েছিল। তবুও নির্ধারিত সময়ে অর্থ না দিয়ে ছ’মাস সময় চাইলে আদালত তা প্রত্যাখ্যান করে।
বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে আজকের শুনানি মাঝপথে স্থগিত হয় এবং উভয় পক্ষের সম্মতিতে নতুন তারিখ ধার্য হয় ২৬ আগস্ট ২০২৫। আদালত জানিয়েছে, ওই দিন দিনের শুরুতেই মামলাটি প্রায়োরিটি দিয়ে শোনা হবে।
ফলে সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ রায়ের জন্য অপেক্ষা আরও অন্তত দুই সপ্তাহ বাড়ল। আর্থিক অনিশ্চয়তা কাটাতে এখন নজর ২৬ আগস্টে, যেদিন এই বহুল আলোচিত মামলার ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে।







