আর জি কর কাণ্ডে ফের সামনে এল অভীক দে-র নাম। এসএসকেএম হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি। অভয়া-কাণ্ডের সময় সেমিনার রুম তথা ঘটনাস্থলে তাঁকে দেখা গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এরপর বিতর্ক বাড়তেই স্বাস্থ্যদপ্তরের তরফে তাঁকে সাসপেন্ড করা হয়। এবার তাঁর ভূমিকা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হল।
আর জি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই অভীক দে-কে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসে। স্বাস্থ্য মহলের এক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও অভিযোগ। তাঁর বিরুদ্ধে মোট ৩২ দফা অভিযোগ প্রকাশ্যে এসেছে। যার মধ্যে রয়েছে থ্রেট কালচারে মদত, মর্গে দুর্নীতির অভিযোগ, চিকিৎসকদের বদলির ক্ষেত্রে প্রভাব খাটানো, দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকা, হাজিরা ও রিপোর্ট জমা না দেওয়া এবং রোগী না দেখার মতো গুরুতর অভিযোগ।
রাজ্যপালের নির্দেশে এবার শুধু ওই অভিযোগগুলিই নয়, কীভাবে তিনি সার্ভিস কোটায় এসএসকেএমে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিলেন, সেটিও তদন্ত করে দেখার কথা বলা হয়েছে।







