বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) নিয়ে বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, নির্বাচন কমিশনের নথি যাচাই প্রক্রিয়াকে ‘ভোটার বিরোধী’ হিসেবে দেখা যাবে না। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মন্তব্য আসে।
শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি যুক্তি দেন, আগে ভোটার তালিকা সংশোধনের সময়ে সাত ধরনের নথি গ্রহণযোগ্য ছিল, কিন্তু SIR প্রক্রিয়ায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১। বিচারপতি বাগচীর মতে, নথির সংখ্যা বাড়ানো আসলে ভোটার-বান্ধব পদক্ষেপ, কারণ নাগরিকত্ব প্রমাণের জন্য এখন আরও বেশি বিকল্প রয়েছে।
বিচারপতি সূর্যকান্ত বলেন, “যদি সব নথি একসঙ্গে জমা দিতে হয়, তবে তা অবশ্যই ভোটার-বিরোধী হবে। কিন্তু যদি যে কোনও একটি নথি দিলেই হয়, তবে বিষয়টি ভিন্ন।” তবে সিংভির দাবি, গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই তালিকা বাস্তবে বর্জনমূলক। তাঁর মতে, জমিহীনদের জন্য বেশ কয়েকটি নথির বিকল্প অকার্যকর, আর পাসপোর্ট তো মাত্র ১-২ শতাংশ মানুষের কাছেই রয়েছে, যা প্রায় ৩৬ লক্ষ।
আধার সংক্রান্ত পর্যবেক্ষণ নিয়েও এদিন আদালতে আলোচনা হয়। বিচারপতি বাগচী বলেন, “আধার গ্রহণ না করার যুক্তি আমরা বুঝেছি।” তবে তিনি মনে করেন, নির্বাচন কমিশনের চাওয়া নথিগুলি সামগ্রিকভাবে ভোটার-বান্ধব, এবং নাগরিকত্ব প্রমাণে কত ধরনের নথি ব্যবহার করা যায়, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।







