২০ বছর বিরতির পর ফের ভারতে ফিরতে পারে কমনওয়েলথ গেমসের আসর। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর ভারত আনুষ্ঠানিকভাবে আয়োজনের প্রস্তাব জমা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের এই প্রতিযোগিতা হতে পারে গুজরাতের অহমদাবাদে। আগামী ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত দরপত্র জমা দিতে হবে। কেন্দ্রীয় সরকারই পুরো খরচ বহন করবে।
ভারতের অলিম্পিক্স কমিটির যুগ্ম সচিব কল্যাণ চৌবে জানিয়েছেন, বুধবার সাধারণ সভায় প্রস্তাব পাস হয়েছে এবং শীঘ্রই পূর্ণমাত্রায় প্রস্তুতি শুরু হবে। কানাডা ইতিমধ্যেই সরে দাঁড়ানোয় ভারতের সম্ভাবনা আরও জোরদার হয়েছে। বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা মূলত নাইজেরিয়ার সঙ্গে, যদিও দক্ষিণ আফ্রিকাও প্রস্তাব দিতে পারে।
কর্মসমিতির সদস্য রোহিত রাজপাল জানিয়েছেন, ২০৩০ সালের আসর হবে পূর্ণাঙ্গ আকারে, যেখানে ভারতের শক্তিশালী খেলা যেমন শুটিং, তিরন্দাজি, কুস্তি, কবাডি ও খো খো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গেমসে তিন ধরণের ইভেন্ট থাকে স্থায়ী, আয়োজক দেশের পছন্দের, এবং অতিরিক্ত খেলা এবার ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাগুলোয় জোর দেওয়া হবে।
কমনওয়েলথ স্পোর্টসের গেমস ডিরেক্টর ড্যারেন হল সম্প্রতি অহমদাবাদে এসে অবকাঠামো পরিদর্শন করেছেন এবং গুজরাত সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এ মাসের শেষে আরও একটি বড় প্রতিনিধি দল আসবে। নভেম্বরের শেষে ২০৩০-এর আয়োজক শহরের নাম ঘোষণা হবে।







