খেলাধুলা

দুই দশক পর ফের ভারতে কমনওয়েলথ, কেন্দ্রের থেকে মিলল সবুজ সংকেত

২০ বছর পর আবারও ভারতে বসতে পারে কমনওয়েলথ গেমসের আসর। বুধবার কেন্দ্রীয় সরকারের অনুমতি মেলার সঙ্গে সঙ্গেই ভারতের অলিম্পিক্স কমিটি (আইওএ) আনুষ্ঠানিকভাবে আয়োজনের প্রস্তাব দিয়েছে। সম্ভাব্য আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে গুজরাতের অহমদাবাদকে। ৩১ অগস্টের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দিতে হবে, আর পুরো খরচ বহন করবে কেন্দ্র। ২০১০ দিল্লি গেমসের পর এটি হতে পারে ভারতের দ্বিতীয় আয়োজন।

এরই মধ্যে কানাডা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় ভারতের সম্ভাবনা বেড়েছে। তবে লড়াইয়ে রয়েছে নাইজেরিয়া ও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা। আইওএ যুগ্ম সচিব কল্যাণ চৌবে জানিয়েছেন, অনুমোদন পাওয়ায় দ্রুত পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু হবে। কর্মসমিতির সদস্য রোহিত রাজপালের মতে, ২০৩০ আসরে ভারতের শক্তিশালী ইভেন্টগুলো অন্তর্ভুক্ত করে পদকের সম্ভাবনা আরও বাড়ানো হবে। শুটিং, তিরন্দাজি, কুস্তি, কবাডি ও খো খো রাখা হতে পারে আয়োজক দেশের পছন্দের খেলার তালিকায়।

কমনওয়েলথ স্পোর্টসের গেমস ডিরেক্টর ডারেন হল ইতিমধ্যেই অহমদাবাদের পরিকাঠামো ঘুরে দেখে গুজরাত সরকারের সঙ্গে বৈঠক করেছেন। মাসের শেষে আরেকটি প্রতিনিধি দল আসবে পরিদর্শনে। নভেম্বরের শেষেই আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।

তবে ২০১০ দিল্লি গেমসের অভিজ্ঞতা এবার বড় চ্যালেঞ্জ। সে বার খেলাধুলোর চেয়ে শিরোনামে ছিল অব্যবস্থা ও আর্থিক দুর্নীতি—বিলম্বিত পরিকাঠামো, বাজেট বৃদ্ধি, শ্রমিক আহত হওয়ার ঘটনা, এমনকি আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কলমডির গ্রেফতারি। তাই ২০৩০-এ ভারত যদি আসর পায়, তবে শুধু ক্রীড়া সাফল্য নয়, স্বচ্ছ ও দক্ষ আয়োজনের মাধ্যমেই দেশের ভাবমূর্তি ফের গড়ে তোলার সুযোগ মিলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.