নারী শিক্ষায় ও ক্ষমতায়নে এক অনন্য পদক্ষেপ হিসেবে ২০১৩ সালের ১৪ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ‘কন্যাশ্রী’ প্রকল্প। বৃহস্পতিবার এই প্রকল্পের ১২ বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন এর সাফল্যের খতিয়ান, জানালেন গর্বের কথা এবং দিলেন ভবিষ্যতের বার্তা।
মমতার বক্তব্যে উঠে এসেছে, অল্প সময়ের মধ্যেই কন্যাশ্রী প্রকল্প বিশ্বে স্বীকৃতি পেয়েছে—৬২টি দেশের ৫৫২টি সরকারি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অর্জন করে জিতেছে United Nations Public Service Award। তাঁর দাবি, সমাজে মেয়েদের সুরক্ষা ও ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীর ক্ষমতায়নই প্রকৃত সামাজিক উন্নতির মূল চাবিকাঠি।
পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে কন্যাশ্রীর সংখ্যা ৯৩ লক্ষের বেশি। তাদের হাতে ইতিমধ্যেই পৌঁছে গেছে সাড়ে সতেরো হাজার কোটি টাকারও বেশি অনুদান। কন্যাশ্রীদের উদ্দেশে তাঁর আহ্বান, “দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করো, বিশ্ববাংলার গৌরব হয়ে ওঠো, বিশ্বের সম্মান নিজের করে নাও।”
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। কন্যাশ্রী দিবসের এই বিশেষ মুহূর্তে বাংলার নারীদের জন্য ফের প্রতিধ্বনিত হল নারীশক্তির জয়গান।







