খেলাধুলাদেশ

ভারত সফরে মেসি, সঙ্গে থাকছেন বহু তারকা; প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ নির্ধারিত

ডিসেম্বরেই ভারতে পা রাখতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ১২ থেকে ১৫ ডিসেম্বরের এই তিন দিনের সফরকে ঘিরে ইতিমধ্যেই কলকাতা, আহমেদাবাদ ও মুম্বইয়ে উত্তেজনা তুঙ্গে। সফরের শেষ দিনে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

১২ ডিসেম্বর মেসির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে কলকাতা থেকে। ইডেন গার্ডেন্সে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রাতেই তিনি চলে যাবেন আহমেদাবাদে, যেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকছে আরও একটি বড় জমায়েত। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের।

সফরের বিভিন্ন পর্যায়ে মেসির সঙ্গে দেখা করবেন ভারতের একাধিক ক্রীড়া তারকা। কলকাতায় তাঁর সাক্ষাৎ হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে মুম্বইয়ে উপস্থিত থাকবেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। এক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের সঙ্গে অন্য বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

সবশেষে, ১৫ ডিসেম্বর মুম্বই থেকে দিল্লি রওনা হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মেসি।

তবে মেসির সফরের বিশেষ আকর্ষণ এখানেই শেষ নয়। সঙ্গে থাকতে পারেন আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা ফুটবলারও। উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, এই সফরের নাম রাখা হয়েছে “GOAT Tour of India”। শোনা যাচ্ছে, মেসির ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও রদ্রিগো দে পলও সফরে তাঁর সঙ্গে থাকতে পারেন, যদিও এখনও তাদের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.