বিনোদন

আবির-প্রিয়াঙ্কাকে একসঙ্গে নিয়ে একান্নবর্তী পরিবারের গল্প, নতুন ছবিতে সম্পর্কের টানাপোড়েন তুলে ধরবেন অভিরূপ ঘোষ

‘মৃগয়া’র সাফল্যের পর ফের নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন পরিচালক অভিরূপ ঘোষ। রহস্য-রোমাঞ্চ নয়, এবার একেবারে অন্য ঘরানায় দেখা যাবে তাঁকে। সম্পর্কের জটিলতা, প্রেম, এবং একান্নবর্তী পরিবারের আন্তঃসম্পর্ক নিয়ে নির্মিত হতে চলেছে তাঁর নতুন ছবি।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গল্পের প্রেক্ষাপট গ্রামের বাড়ি, আর কেন্দ্রবিন্দুতে দুর্গাপুজো। সেখানেই গল্প এগোবে পরিবারের টানাপোড়েন ও আবেগকে কেন্দ্র করে। ছবির মূল চরিত্রে থাকছেন আবির চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিবৃতি চট্টোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই চিত্রনাট্য হাতে পেয়ে পরিচালককে সম্মতি জানিয়েছেন। অভিনয় করছেন আরও দুই অভিনেত্রী দর্শনা বণিক ও ঐশ্বর্য সেন। পারিবারিক হলেও গল্পে একাধিক স্তর রয়েছে বলে জানান অভিরূপ, যদিও বিস্তারিত এখনই বলতে নারাজ তিনি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে।

শুটিং শুরু হবে আগস্টের প্রথমার্ধে, কলকাতা ও পুরুলিয়া মিলিয়ে। এই ছবির সবচেয়ে বড়ো আকর্ষণ, প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন আবির ও প্রিয়াঙ্কা। যদিও তাঁদের কেউই এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। ‘মৃগয়া’র পর দর্শকের প্রত্যাশা অনেক বেড়েছে। সেই প্রত্যাশা পূরণ করতে অভিরূপ যে একেবারে নতুন ছকে কাজ করছেন, তা বলাই বাহুল্য। তাঁর কথায়,”আপাতত শুটিং শুরুর অপেক্ষা। বাকিটা খুব শিগগিরিই প্রকাশ্যে নিয়ে আসব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.