রাজ্য

অসমে তীব্র উত্তেজনা, বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ ঘিরে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা:
রবিবার ভোরেই অসমের জাপারিগুড়ি এলাকায় নেমে এলেন জেলা প্রশাসন ও বিশাল পুলিশবাহিনী। প্রায় গোটা গ্রাম ঘিরে ফেলে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রায় ১৭৫ বিঘা জমি অবৈধভাবে দখল করে বসবাস করছিলেন কয়েকশো পরিবার। অবশেষে নোটিস দেওয়ার পর আজ সকালে সেগুলি সরাতে উদ্যোগ নিল প্রশাসন।

সূত্রে খবর, এদিন প্রায় ৩০৯টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গোটা অভিযানের নেতৃত্ব দেন জেলা শাসক সীমান্ত কুমার দাস। তিনি জানান, “শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কাজ সম্পন্ন হয়েছে। এখানে মোট ৩০৯টি পরিবার ছিল, যারা প্রায় ১৭৫ বিঘা জমি বেদখল করেছিল। তাদের সরানো হয়েছে। এর আগে ১ আগস্টই নোটিস দিয়ে জানানো হয়েছিল ১৫ দিনের মধ্যে এলাকা খালি করতে হবে।”

অভিযানের জন্য মোতায়েন ছিল প্রায় ৬০০ পুলিশ ও নিরাপত্তারক্ষী। এছাড়াও ব্যবহার করা হয় একাধিক ট্র্যাক্টর। অনেক দখলদার পরিবার নিজেরাই ছাউনি ভেঙে সরিয়ে নেয়।

কারা এই দখলদার?
প্রশাসন সূত্রে খবর, জমি বেদখল করেছিলেন বাংলাভাষী মুসলিমরা। তবে তাঁরা ভারতীয় নাকি বাংলাদেশি, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিতর্কে উচ্ছেদ অভিযান
এই অভিযানকে ইতিমধ্যেই “অমানবিক” বলে সমালোচনা করেছে অসম সংখ্যালঘু ছাত্র পরিষদ (AAMSU)। সংগঠনের সাধারণ সম্পাদক কুদ্দুস আলি সরকার দাবি করেছেন, “পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো যাবে না। দুর্গতদের অবিলম্বে আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।”

অন্যদিকে, প্রশাসনের দাবি, নিয়ম মেনেই আগে থেকেই নোটিস দেওয়া হয়েছিল। তাই আইন মেনেই এদিনের উচ্ছেদ অভিযান হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.