২০১৩ সাল, সারদা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখার্জি। এবার ২০২৫-এ প্রথম রায়দান হল সেই চিটফান্ড মামলার । তিনটি মামলাতেই সুদীপ্ত সেন ও দেবযানী মুখার্জি বেকসুর খালাস হয়েছেন । ১২ বছর পর সারদা কাণ্ডের দুই মূল অভিযুক্তের এবার স্বস্তি মিলল ।
মঙ্গলবার চিটফান্ড সংক্রান্ত তিনটি মামলাতেই সুদীপ্ত ও দেবযানীকে বেকসুর খালাস করেছে ১১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিধিশ্রী। ২০১৩ সালে রাজ্য সরকার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় মামলা করেছিল। মামলা দায়ের হয়েছিল তিন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে । মঙ্গলবার সেই মামলারই ছিল রায়দান যাতে বেকসুর খালাস হয়েছেন দুজন ।
সরকার পক্ষের ৫০ জন সাক্ষীর মধ্যে এদিন পাওয়া যায় মাত্র ১৫ জনকে। তারা সাক্ষী দিলেও সুদীপ্ত এবং দেবযানীর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমাণ হয়নি। সেই কারণেই এই অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। তবে বেকসুর খালাস হলেও , এখনই জেলমুক্তি নয় বলেই খবর । কারণ সুদীপ্ত ও দেবযানীর বিরুদ্ধে রাজ্যের করা মোট ২৫০টি মামলার মধ্যে যে সব মামলায় জামিন পেয়েছেন , তার সংখ্যা ২১৪ । এখনও ৩৬ টি মামলায় জামিন পাওয়া বাকি রয়েছে। তাই এখনই জেল থেকে ছাড়া পাবেন না সুদীপ্ত সেন ও দেবযানী মুখার্জি।







