ভুবনেশ্বর: সঙ্গীতজগতে গভীর শোকের আবহ। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে প্রয়াত হলেন ওড়িয়া ছবির খ্যাতনামী সঙ্গীত পরিচালক ও গায়ক অভিজিৎ মজুমদার। রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
অসংখ্য জনপ্রিয় ওড়িয়া ছবির সুরকার হিসেবে পরিচিত অভিজিৎ মজুমদার গত বছর সেপ্টেম্বর মাসে গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে যান। সে সময় তাঁকে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দু’মাস আইসিইউ-তে থাকার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে নভেম্বর মাসে তাঁকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুরকার দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্নায়ুর সমস্যা ও নিউমোনিয়ার পাশাপাশি তাঁর লিভারের অসুখ, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি এবং রক্তজনিত সমস্যাও ছিল। চিকিৎসকদের মতে, নভেম্বর মাসে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি সচেতন ছিলেন এবং ট্র্যাকিওস্টোমি টিউবের মাধ্যমে সাধারণ নির্দেশে সাড়া দিচ্ছিলেন। এমনকি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়েও আলোচনা শুরু হয়েছিল।
তবে পারিবারিক ও ব্যক্তিগত কিছু কারণে সেই পরিকল্পনা কার্যকর করা যায়নি। এরপর চলতি মাসের ২৩ জানুয়ারি তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি ঘটে। দ্রুত চিকিৎসা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। রবিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।
অভিজিৎ মজুমদারের প্রয়াণে ওড়িয়া চলচ্চিত্র ও সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একাধিক তারকা ও শিল্পী সমাজের বিশিষ্টজনেরা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সুর ও সঙ্গীতের মাধ্যমে দর্শকদের যে আনন্দ তিনি উপহার দিয়েছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।







