জেলা

স্বস্তির সওগাত, কীর্তির হাত ধরে পথে নামছে কাটোয়া-বর্ধমান ইএমইউ

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের দীর্ঘ প্রচেষ্টায় পূরণ হতে চলেছে কাটোয়া ও বর্ধমানের যাত্রীদের বহু প্রতীক্ষিত দাবি। হাওড়া ডিভিশনের এই রুটে আগামী ২২ অগাস্ট থেকে চালু হবে একজোড়া নতুন ইএমইউ লোকাল ট্রেন।

কীর্তি আজাদ নিজেই ফেসবুকে এই সুখবর শেয়ার করে লিখেছেন—
“কাটোয়া-বর্ধমান রুটে বহুদিন ধরে মানুষ নতুন ট্রেনের দাবি জানাচ্ছিলেন। যাত্রার ভোগান্তি ও সমস্যার কথা আপনাদের কাছ থেকেই শুনেছি। রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, একাধিক মিটিংয়েও বিষয়টি তুলেছি। সেই দীর্ঘ লড়াইয়ের ফলস্বরূপ অবশেষে চালু হচ্ছে নতুন লোকাল পরিষেবা। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে আরও অন্তত একজোড়া লোকাল চালুর দাবি আমরা তুলতেই থাকব।”

রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী—

৩৫০২৪ কাটোয়া-বর্ধমান লোকাল: কাটোয়া থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে বর্ধমান পৌঁছবে।

৩৫০২৩ বর্ধমান-কাটোয়া লোকাল: বর্ধমান থেকে বিকেল ৪টেয় ছেড়ে বিকেল ৫টা ২০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে।

তবে সাংসদের দাবি, এর পাশাপাশি সকাল ১১টা ৪৫ মিনিটে আরও দুটি লোকাল চালু হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।

কেবল নতুন লোকাল পরিষেবা নয়, কীর্তি আজাদ রেলের কাছে আরও কয়েকটি দাবিও তুলেছেন—

খানা-বোয়াইচণ্ডী রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু করা: প্রকল্পের ২০ শতাংশ কাজ ও জমি অধিগ্রহণ শেষ হলেও বহু বছর ধরে কাজ আটকে রয়েছে। এই প্রকল্প সম্পন্ন হলে বাঁকুড়া থেকে উত্তরবঙ্গের সঙ্গে সহজ রেল যোগাযোগ স্থাপন সম্ভব হবে।

নিরোলগ্রাম হল্ট স্টেশন পুনরায় চালু করা: সতীপীঠ অট্টহাস, বহুলা ও স্থানীয় কালী মন্দিরের যাত্রীদের সুবিধার্থে ২০০৬ সাল থেকে বন্ধ থাকা স্টেশনটি আবার চালুর আবেদন জানানো হয়েছে।

সব মিলিয়ে, সাংসদের উদ্যোগে কাটোয়া-বর্ধমান রুটে যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। তবে কীর্তির কথায়, “এটি কেবল শুরু, আগামী দিনে আরও উন্নত রেল পরিষেবার জন্য লড়াই চলবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.