Uncategorizedচাকরিরাজ্য

Recruitment Exam: SSC-র প্রস্তুতিতে জোর, নবান্নে মুখ্যসচিবের ম্যারাথন বৈঠক

চাকরিহারাদের একাংশের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার মৌখিক নির্দেশে জানায়, শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন জমা দেওয়ার সময়সীমা আরও ১০ দিন বাড়াতে হবে। একইসঙ্গে শীর্ষ আদালত উল্লেখ করেছে, প্রয়োজনে পরীক্ষা পিছোনোর সিদ্ধান্ত নিতে পারে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) বা রাজ্য প্রশাসন।

তবে নবান্ন সূত্রে খবর, প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ, আগামী ৭ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই দফায় প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী বসবেন বলে জানা গিয়েছে।

শুক্রবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি জেলায় পরীক্ষার তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার এক আধিকারিক। পাশাপাশি প্রতিটি কেন্দ্রেই উপস্থিত থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার সরকারি আধিকারিক।

আদালতের নির্দেশ মেনে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, তাই রাজ্য মনে করছে সেপ্টেম্বরেই পরীক্ষা নেওয়া ছাড়া বিকল্প নেই। কারণ মাসের শেষে দুর্গাপুজোর ছুটি থাকায় সূচি পিছিয়ে গেলে ফল প্রকাশ ও নিয়োগ আরও কয়েক মাস বিলম্বিত হবে।

চাকরিহারাদের একাংশ আদালতে জানিয়েছিলেন, পুনর্বিবেচনার আবেদনের রায়ের অপেক্ষায় থাকায় তাঁরা ফর্ম পূরণ করতে পারেননি। সেই আর্জি খতিয়ে দেখে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, যোগ্য প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে হবে। তবে পরীক্ষা আপাতত নির্ধারিত দিনেই হচ্ছে বলে রাজ্য প্রশাসন স্পষ্ট করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.