দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তা ঘিরে নতুন মোড়। সিআরপিএফ-এর জেড ক্যাটাগরি সুরক্ষা থেকে তাঁকে সরিয়ে আবারও দিল্লি পুলিশের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালেই এই সিদ্ধান্ত সামনে আসে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—যখন মাত্র কয়েকদিন আগে জনসমক্ষে তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল, তখন কেন প্রত্যাহার করা হল ওই জেড ক্যাটাগরির নিরাপত্তা?
ঘটনা ২০ আগস্টের। ওইদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ‘জন শুনানি’ চলছিল। সেখানেই হঠাৎ ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ৪১ বছরের রাজেশ সাকারিয়া নামে এক ব্যক্তি। রেখা গুপ্তার উপর আক্রমণ হয় দিল্লি পুলিশের নিরাপত্তায় থাকার সময়েই। এই ঘটনার পরদিনই কেন্দ্রীয় সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে সিআরপিএফ-এর ভিআইপি সুরক্ষা উইংকে নির্দেশ দেয় তাঁকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার জন্য।
সূত্রের খবর, সরকারিভাবে ওই জেড ক্যাটাগরি সুরক্ষা কিছুদিন চালু রাখার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে যায়। সেই কারণেই সিআরপিএফ-এর পাহারা প্রত্যাহার করে ফের দিল্লি পুলিশের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, হামলার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, রাজেশ প্রথমে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু কড়া নিরাপত্তা দেখে মত বদল করে সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় সে। অভিযুক্তের মা ভানু দাবি করেছেন, তাঁর ছেলে কুকুরপ্রেমী। সম্প্রতি পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের রায় তাঁর একেবারেই পছন্দ হয়নি। সেই ক্ষোভেই নাকি সে দিল্লির পথে রওনা দেয়।
রাজকোটের বাসিন্দা রাজেশ সাকারিয়া প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন করেন। তার পরেই অতর্কিতে হামলা চালান বলে অভিযোগ। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে আটক করে। ঘটনায় নতুন মোড় তৈরি হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা ঘিরে।







