ছাব্বিশের নির্বাচনী লড়াইকে সামনে রেখেই বাংলায় নিজেদের মাটি শক্ত করতে মরিয়া বিজেপি। সেক্টর ফাইভের বর্তমান সদর দফতর ছেড়ে এবার নিউটাউন চত্বরে বিরাট বাড়ি খুঁজছে পদ্মশিবির। জানা গিয়েছে, নতুন দফতরে থাকতে হবে বড় পার্কিং স্পেস, সুবিশাল কনফারেন্স হল, এমনকি ছাদে হেলিপ্যাডও। কারণ, দল ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে প্রচারে চার থেকে পাঁচটি হেলিকপ্টার ব্যবহারের। ফলে, মোদি–শাহসহ একাধিক কেন্দ্রীয় নেতা শহরে আসবেন বলে ধরে নিয়েই এই পরিকাঠামোর খোঁজ।
বিজেপি সূত্রে খবর, সেক্টর ফাইভের বর্তমান দফতরে জায়গার অভাব স্পষ্ট হয়ে উঠছে। সময়ের সঙ্গে কর্মীসংখ্যা যেমন বেড়েছে, তেমনই সামনে ছাব্বিশের মতো বড় চ্যালেঞ্জ। নির্বাচনী প্রচারে মোদি-শাহকে কেন্দ্র করে রাজ্যজুড়ে টানা সভা ও বৈঠক হবে। সেক্ষেত্রে কার্যকরী সদর দফতরের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যদিও এখনও নিউটাউনে ঠিক কোন জায়গায় এই নতুন দফতর হবে, তার হদিশ মেলেনি।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। তবে পরে একাধিক বিধায়ক দলবদল করায় আসনসংখ্যা কমেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ফলাফল ঘুরিয়ে আনতে তাই জোর কৌশল সাজাচ্ছে দল। কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে খবর, ২০২৫ সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে অন্তত একটি করে জনসভা করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনটি সভা হয়েছে। শোনা যাচ্ছে, মহালয়ার আগের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর নবদ্বীপে জনসভা করবেন নরেন্দ্র মোদি। পুজোর পর আরও বিস্তৃত কর্মসূচি থাকবে তাঁর ও অমিত শাহর। যদিও সফরের দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি বিজেপি।
সারকথা: নির্বাচনের আগে বাংলায় সর্বাত্মক প্রচারে নামতে চলেছে বিজেপি। আর তারই অঙ্গ হিসেবে নিউটাউনে আধুনিক ও সুবিশাল নতুন সদর দফতরের খোঁজ শুরু করেছে দল।







