কুলতলির ২ নম্বর জালাবেড়িয়া এলাকার চাঞ্চল্য। রান্নাঘর থেকে উদ্ধার হল মাত্র দশ বছরের এক শিশুর নিথর দেহ। মৃতের নাম পল্লব নস্কর (Pallav Naskar), স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ঘটনায় স্তম্ভিত পরিবার ও প্রতিবেশীরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রতিদিনের মতোই স্কুলে গিয়েছিল পল্লব। বিকেলে বাড়ি ফিরে মায়ের হাতে বানানো খাবার খেয়েই খেলায় মেতে ওঠে। সেই সময় পল্লবের মা পাশের কাকার বাড়িতে রান্নার কাজে যান। কাকার সাত বছরের মেয়ে খেলতে এসে রান্নাঘরে ঢুকেই চমকে ওঠে—বাঁশের আড়ায় দড়ি দিয়ে ঝুলছে পল্লব। তড়িঘড়ি পরিবার তাকে নামিয়ে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পল্লবের হঠাৎ এই মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। হাসিখুশি ও মিশুকে স্বভাবের জন্য স্থানীয়দের কাছে জনপ্রিয় ছিল সে। ছোট থেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর নেশা ছিল তার। বাবার সঙ্গে মিলে নিয়মিত রিল বানিয়ে ফেসবুকে পোস্ট করত। পল্লবের ফেসবুক পেজে প্রায় ১৯ হাজার ফলোয়ার রয়েছে, যা তাকে এলাকায় বেশ জনপ্রিয় করে তুলেছিল।
কেন এত অল্প বয়সে সে এমন চরম পদক্ষেপ নিল, তা নিয়ে ধন্দে পরিবার-প্রতিবেশীরা। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।







