দেশ

গৌরীকুণ্ডে ভয়াবহ ধস, সাময়িকভাবে বন্ধ কেদারনাথ যাত্রা; উত্তরাখণ্ডে ২৫ জুলাই পর্যন্ত হলুদ সতর্কতা

একটানা ভারী বৃষ্টির জেরে বড় বিপর্যয় দেখা দিল কেদারনাথ যাত্রাপথে। গৌরীকুণ্ডের কাছে ভয়াবহ ধস নামায় বুধবার থেকে সাময়িকভাবে কেদারনাথ যাত্রা স্থগিত করেছে প্রশাসন। পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরিয়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে আবহাওয়ার অবনতির আশঙ্কায় উত্তরাখণ্ডের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, কেদারনাথের ট্রেকিং রুটে গৌরীকুণ্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছোড়ি এলাকায় আচমকাই পাহাড় ধসে পড়ে। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই, তবে পাহাড় থেকে নেমে আসা মাটি ও বিশাল পাথরের চাঁইয়ে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। রুদ্রপ্রয়াগ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং জানান, পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কেদারনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করতে জোরকদমে কাজ চলছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। উদ্ধার ও পুনরুদ্ধারের কাজে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে কাজ করছে।

অন্যদিকে, আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণে রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, নৈনিতাল, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যের অন্যান্য এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ জুলাই পর্যন্ত এই প্রতিকূল পরিস্থিতি বজায় থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.