পাকিস্তান থেকে নেপাল হয়ে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি বিহারে ঢুকে পড়েছে বলে গোয়েন্দাদের রিপোর্টে জানা গেছে। এই তথ্য হাতে আসতেই রাজ্যজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিহার পুলিশ।
সূত্রের দাবি, শনাক্ত হওয়া ওই তিন জঙ্গির মধ্যে রয়েছেন রাওয়ালপিন্ডির হাসনাইন আলি, উমরকোটের আদিল হুসেন এবং বহওয়ালপুরের মহম্মদ উসমান। এরা সবাই জইশ জঙ্গিগোষ্ঠীর সক্রিয় সদস্য। গত অগস্টের দ্বিতীয় সপ্তাহে তারা পাকিস্তান থেকে কাঠমান্ডু পৌঁছয় এবং সেখান থেকে সম্প্রতি বিহারের অভ্যন্তরে প্রবেশ করেছে।
জঙ্গিদের ছবি প্রকাশ্যে আনা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করেছে প্রশাসন। পাশাপাশি, কোথাও কোনও সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের সদর দফতর থেকে জেলার শীর্ষ আধিকারিকদের বিশেষ বার্তা পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভারত-নেপাল সীমান্তের প্রায় ৭২৯ কিলোমিটার এলাকা বরাবর কঠোর নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে মধুবনী, সীতামঢ়ি, সুপৌল, আরারিয়া, পূর্ব ও পশ্চিম চম্পারণে নজরদারি আরও কড়া করা হয়েছে। সীমান্তের উন্মুক্ত অংশগুলিই অনুপ্রবেশের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছে গোয়েন্দারা।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পরবর্তী অপারেশন ‘সিঁদুর’ এবং সামনে বিধানসভা ভোট এই সব কারণেই মে মাস থেকেই সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবু সীমান্তবর্তী সাতটি জেলা দিয়ে জঙ্গিদের প্রবেশ আটকানো রাজ্যের কাছে এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাচ্ছে।







