নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম:
মৎস্য উদ্যোগে অভিনব ফিল্ড ট্রেনিংয়ের অভিজ্ঞতা নিলেন পাঁশকুড়া বনমালী কলেজের প্রায় চল্লিশজন ছাত্রছাত্রী। কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক স্তরের এই শিক্ষার্থীরা এক মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণে অংশ নিলেন নন্দীগ্রাম-এক নম্বর ব্লকের বিভিন্ন নদী ও ফিশারী অঞ্চলে।
ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহুর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের চারটি দলে ভাগ করে দেওয়া হয়। তারা নদীতে নৌকোয় বসে মাছ ধরার পদ্ধতি শেখার পাশাপাশি বিভিন্ন ভেড়ি ফিশারীতে কাঁকড়া, চিংড়ি, ভেনামি এবং রঙিন মাছ চাষের কৌশল অনুশীলন করেন। পাশাপাশি, স্থানীয় মৎস্যজীবিদের সঙ্গে থেকে নদী বাস্তুতন্ত্র, জল পরীক্ষা এবং মাছ চাষের আধুনিক প্রযুক্তি সম্পর্কেও প্র্যাক্টিক্যাল জ্ঞান অর্জন করেন তারা।
শিক্ষার্থীদের বক্তব্য, এই ফিল্ড এক্সপোজার ভবিষ্যতের কর্মজীবনে তাদের বড় প্রেরণা জোগাবে। ছাত্রী পূর্বা মণ্ডল, জয়শ্রী মণ্ডল এবং অংকিতা ঘোষ জানান— “শুধু পাঠ্যবই নয়, সরাসরি মাঠে নেমে কাজের অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে অতসী মাইতি, মান্টি বেরা, অপর্ণা মাত্রর মতো মহিলা মাছ চাষিদের কাজ দেখে আমরা অনুপ্রাণিত।”
অন্যদিকে, মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন— “ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ শুধু তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্রেই নয়, স্থানীয় মাছচাষি ও মৎস্যজীবিদের মধ্যেও উৎসাহ যোগাচ্ছে। এর ফলে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ আরও প্রসার লাভ করবে।”
নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকায় এই অভিনব প্রশিক্ষণ প্রমাণ করে দিচ্ছে—প্রচলিত পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাই আগামী দিনে শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে সক্ষম।







