তৃণমূল ছাত্র পরিষদ দিবসের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে চরম বিতর্ক শুরু হয়। এমনকি এই নিয়ে রাজনৈতিক জল ঘোলা ও কিছু কম হয়নি। তবে সবকিছুর পরেও অটল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে। এবার নির্বিঘ্নে পরীক্ষা শেষ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি।
তৃণমূল ছাত্র পরিষদ দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে বিভিন্ন দেশের নায়ককে নিয়ে নবযৌবন উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একই মঞ্চ থেকে নতুন প্রজন্মকে আরো এগিয়ে যাওয়ার বার্তা দিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তবে তাদের মুখে একবারও শোনা যায়নি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক নিয়ে কোন মন্তব্য। সেই নিয়ে এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। এই তৃণমূল ছাত্র পরিষদ দিবসে যাতে পরীক্ষা না ফেলা হয় তার জন্য দফায় দফায় অশান্ত হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এমনকি একাধিক বৈঠক হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই বিষয়ে অনুরোধ করেছে বলে জানার পরেও নিজের সিদ্ধান্তে অনর ছিলেন উপাচার্য। তাই তিনি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর ছাত্র-ছাত্রীদের এই নিয়ে বার্তা দিলেন না কেন? এছাড়াও একাধিক বার্তা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন, “অনেক লড়াই লড়তে হয়েছে, দুশ্চিন্তায় ভুগতে হয়েছে। সিন্ডিকেটের মিটিংয়ে সরকারের সিনিয়র অধিকারিকরা উপস্থিত ছিলেন। ওমপ্রকাশবাবু সেদিন যারপরনাই খারাপ আচরণ করেছেন, যা সকলেই দেখেছেন। ওঁরা মুখ্যমন্ত্রীর অনুরোধের কথা উল্লেখ করেন, যেটা আমার ভাল লাগছিল না। না করলেই পারতেন। তার পর সিন্ডিকেটের সকলে আমাদের সত্যের পাশে দাঁড়ালেন যে, বিশ্ববিদ্যালয় যখন পরীক্ষার তারিখ ঠিক করেছে, পরীক্ষা হবে। সাধারণ কারণে তা পিছোতে পারে না। সবাই যখন একসঙ্গে বলে উঠলেন, সেদিনই আসল জয় হয়ে গিয়েছে। আমি ঠিক করেছিলাম, শক্ত হাতে এই জয় ধরে রাখতে হবে। ভেবেচিন্তেই হয়ত মঞ্চ থেকে কিছু বলেননি। আমি খুশি হতাম। যে ছাত্ররা পাশ করে বেরিয়ে গিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় নানা অপরাধমূলক কাজকর্মে যুক্ত হয়েছেন। আজ মঞ্চ থেকে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা তোলেননি, তেমনই এই কথাগুলোও বলা উচিত ছিল ছাত্রদের উদ্দেশে। মুখ্যমন্ত্রী নয়, দলের সুপ্রিমো হিসেবে গিয়েছিলেন। বাঘাযতীন, ক্ষুদিরাম, স্বাধীনতা সংগ্রামীদের কথা বলছিলেন। তাঁদের আদর্শ তোমাদের মধ্যেও ঢুকুক! সেকথা বলার দরকার ছিল। কেন সাউথ ক্যালকাটা ল কলেজে এমন ঘটনা ঘটবে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে দাঁড়িয়ে উপাচার্যকে এত খারাপ গালিগালাজ করবে কেন? এটা তো বলতে পারতেন! বলেননি, কোনওটাই বলেননি। বাচ্চাদের বার্তা দেওয়া দরকার ছিল। চরিত্রগঠনের বার্তা দিতে হবে না? কই সেই বার্তা? জানি না কতদিন আছি। কিন্তু শিক্ষা রেখে যাচ্ছি। সঠিক এবং যৌক্তিক বিষয়ের উপর স্বাধীনচেতা হওয়া যায়। যা ইচ্ছে তাই করা যায় না। আজ পর্যন্ত নয়ছয় করিনি। যা করার সিন্ডিকেটের মধ্যে দিয়েই করেছি।”







