মালদহে ফের উত্তপ্ত পরিস্থিতি। West Bengal SIR–কে কেন্দ্র করে এবার সরাসরি বাধার মুখে পড়লেন বিচারকরাই। অভিযোগ, কালিয়াচকে দুপুর ৪টার আগেই ঘেরাও করে রাখা হয়েছে মোট সাতজন জুডিশিয়াল অফিসারকে, যাঁদের মধ্যে রয়েছেন চারজন মহিলা বিচারক। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ দেখাতে দেখাতে বিচারকদের আটকে দেন বলে অভিযোগ উঠছে।
সূত্রের খবর, নির্বাচন কমিশন ইতিমধ্যেই পরপর বেশ কয়েকটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে, তবু প্রায় ২২ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে—এই অভিযোগেই রাজ্যজুড়ে অস্বস্তি। সেই অসন্তোষই বুধবার বিকেলে ভয়াবহ রূপ নেয় কালিয়াচকে।
আটকে পড়া বিচারকরা বিষয়টি সরাসরি কলকাতা হাইকোর্টকে ফোন করে জানান। হাইকোর্টের তরফে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়।
কিন্তু অভিযোগ, রাত ১১টা পর্যন্ত (এই রিপোর্ট লেখা পর্যন্ত) স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারে কোনও তৎপরতা দেখা যায়নি। কমিশন সূত্রে দাবি, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সাধারণ মানুষের ভিড়ে এখনই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে না। প্রথমে বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।
এদিকে বিচারকদের ঘিরে বিক্ষোভে শুরুর পর থেকেই এলাকায় উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি সামাল দিতে রাত থেকেই নজরদারি বাড়ানো হয়েছে।







