চাকরিরাজনীতিরাজ্য

কথা দিয়েও কথা রাখলেন না অভিজিৎ, ব্রাত্যর পাল্টা খোঁচা, ফের বৈঠকের আশ্বাস

চাকরি বাতিলের রায় নিয়ে সরব হওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘রাজনীতির ঊর্ধ্বে’ থাকার বার্তা যেন বুমেরাং হয়ে ফিরল তাঁর দিকেই। বুধবার মুখ্যমন্ত্রীর কাছে লেখা চিঠি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে বিকাশভবনে পৌঁছে দেওয়ার কথা দিয়েও শেষ মুহূর্তে যাননি বিজেপি সাংসদ অভিজিৎ। এর পরই ব্রাত্য তাঁর ‘রাজনীতি’ তত্ত্বকেই হাতিয়ার করে পাল্টা কটাক্ষ করলেন প্রাক্তন বিচারপতিকে। প্রশ্ন তুললেন, কসবার ঘটনায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানানোর যুক্তিতে বিকাশভবনের বৈঠক বাতিল করা কি আসলে ‘রাজনীতির ঊর্ধ্বে’ উঠতে না পারারই প্রমাণ?
অভিজিতের অনুপস্থিতি নিয়ে ব্রাত্য বলেন, উনি নিজেই চিঠি দিতে চেয়েছিলেন, অথচ এলেন না। শিক্ষা দফতর যেহেতু আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত নয়, তাই কসবার ঘটনা কারণ হতে পারে না। তাঁর আরও প্রশ্ন, বিকাশভবনে না এসে এসএসসি দফতরে কেন গেলেন অভিজিৎ? রাজনৈতিক কারণেই তিনি পিছিয়ে এলেন কিনা, সেই প্রশ্নও তোলেন ব্রাত্য। এমনকি, পুরনো পল্লিগান টেনে এনে অভিজিৎকে ‘সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো’ বলেও কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী।
তবে এই চাপানউতোরের মধ্যেই ব্রাত্য জানান, চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে ফের বৈঠকে বসতে পারে রাজ্য। এসএসসি চেয়ারম্যান সহ শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত থাকবেন। যদিও তার আগেই রাজ্যের বিভিন্ন ডিআই অফিসগুলিতে বিক্ষোভের জেরে উত্তেজনা তৈরি হয়েছে। ব্রাত্যর বক্তব্য, সরকার যখন যোগ্য প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং শনিবার বৈঠকের দিন স্থির হয়েছে, তখন এই মুহূর্তে আন্দোলন করা অর্থহীন। তিনি চাকরিহারাদের ধৈর্য ধরার অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.