ভারতীয় ক্রিকেটের সফল অধিনায়ক রোহিত শর্মা বুধবার সন্ধ্যায় টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের ঘোষণা দেন। ৬৭টি টেস্ট ম্যাচ খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার ভারতের সাদা জার্সিতে নিজের অসাধারণ দক্ষতা ও নেতৃত্বগুণের সাক্ষর রেখেছেন। তাঁর অবসরের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়।
তবে এর মধ্যে সবচেয়ে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বার্তাটি এসেছে ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন তেন্ডুলকরের কাছ থেকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোহিতের একটি ছবি পোস্ট করে শচীন স্মৃতিচারণা করেন এবং রোহিতের অসাধারণ কেরিয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শচীন লেখেন, “আমি এখনো মনে করতে পারি ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে তোমাকে টেস্ট ক্যাপ তুলে দেওয়ার মুহূর্তটি। আর কিছুদিন আগেই যখন তোমার সঙ্গে ওয়াংখেড়ের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সেই পুরনো মুহূর্তগুলো আবার চোখের সামনে ভেসে উঠল। তোমার এই যাত্রাপথ ছিল একেবারেই অসাধারণ।”
শচীনের এই বার্তা রোহিতের কেরিয়ারকে আরও বিশেষ করে তোলে। একজন ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ভারতের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিখে গেলেন। তাঁর এই বিদায়ের মুহূর্তে দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী যেমন আবেগপ্রবণ, তেমনি তাঁর অবদানকে স্মরণ করছে শ্রদ্ধার সঙ্গে।
টেস্ট ক্রিকেটে রোহিতের এই বিদায় ভারতীয় ক্রিকেটের এক যুগের অবসান হলেও, তাঁর স্মরণীয় ইনিংস ও নেতৃত্ব চিরকাল অনুপ্রেরণা জোগাবে আগামী প্রজন্মকে।







