দিল্লির পশ্চিম বিহার এলাকায় কুকুরকে খাবার দেওয়াকে কেন্দ্র করে এক প্রবীণ দম্পতির উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ, স্থানীয় আইনজীবী জয় রাম গর্গ বৃদ্ধ দম্পতির উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করেন। নীল টি-শার্ট পরা অভিযুক্তের সেই ভয়াবহ আক্রমণের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় এবং মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধাকে নির্মমভাবে আঘাত করছেন অভিযুক্ত। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রবীণ মহিলা নিতি। স্থানীয়রা দ্রুত তাঁকে ও তাঁর স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিকভাবে আপাতত স্থিতিশীল থাকলেও মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তাঁরা।
আক্রান্ত মহিলা অভিযোগ করেন, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই তাঁদের কুকুরকে খাওয়ানো নিয়ে হেনস্থা করে আসছিলেন। ঘটনার দিনেও কথাকাটাকাটির জেরে আচমকাই হামলা চালান তিনি। অভিযোগ, হামলার সময় অভিযুক্ত তাঁর শরীরের সংবেদনশীল অঙ্গেও আঘাত করেন। নিতির আরও দাবি, ঘটনার পর দম্পতি থানায় গেলেও ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। বরং উল্টে তাঁদের উপর সমঝোতার চাপ তৈরি করা হয়।
বর্তমানে ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। তবে প্রবীণ দম্পতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।







