শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের তোলপাড়। সর্বোচ্চ আদালতের কড়া নির্দেশ—অযোগ্য বা ‘দাগি’ প্রার্থীরা আর যেন নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে না পড়েন। শুক্রবার শুনানিতে স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট, “একজনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন না।”
এদিন আদালতে দাঁড়িয়ে এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন, অযোগ্যদের পূর্ণ তালিকা কাল, শনিবারের মধ্যেই প্রকাশ করা হবে। সংখ্যাটা নেহাত ছোট নয়—প্রায় ১,৯০০ নাম রয়েছে সেই তালিকায়।
শুক্রবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই হবে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। কোনও পরিস্থিতিতেই এই পরীক্ষার দিনক্ষণে আর পরিবর্তন হবে না।
আদালতের নির্দেশ অনুযায়ী—
যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বা যাঁরা ইতিমধ্যেই অযোগ্য ঘোষিত, তাঁরা পরীক্ষায় বসতে পারবেন না।
যাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে রয়েছেন, তাঁরা অবশ্যই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
অযোগ্য ঘোষিত প্রার্থী যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও তাঁকে বাতিল বলে গণ্য করা হবে।
আদালতে এদিন হইচই পড়ে যায় আন্দোলনকারী নেতা চিন্ময় মণ্ডল বক্তব্য রাখতে চাইলে। বেঞ্চের কড়া মন্তব্য, “এটা কোনও জনসমাবেশের মঞ্চ নয়, মামলা দায়ের করেননি তো পিছনে গিয়ে বসুন।”
এদিকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কমিশন। ৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। প্রার্থীর সংখ্যা বিশাল—দুই স্তরে মিলিয়ে প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী বসবেন। পুজোর আগে এই পরীক্ষা নিয়েই এখন প্রস্তুতি আর উদ্বেগ দুই-ই চরমে।
সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে—৩০ ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে। তাই একদিকে যেমন প্রার্থীদের মধ্যে টানটান উত্তেজনা, অন্যদিকে কমিশনের দায়িত্বও এখন তুঙ্গে।







