রাজ্য

গুণ্ডাদমন বিলে হাইকোর্টের শুনানি নয়, রাষ্ট্রপতির অনুমোদনের আগেই মামলা খারিজ

গুণ্ডাদমন বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, বিলটি এখনও রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় তা আইনে পরিণত হয়নি। ফলে এই পর্যায়ে মামলার শুনানি গ্রহণযোগ্য নয়। এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আদালতের পর্যবেক্ষণ
ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গুণ্ডাদমন বিল সংক্রান্ত জনস্বার্থ মামলাগুলি সময়ের আগেই দায়ের করা হয়েছে। কারণ সংশ্লিষ্ট বিলটি এখনও রাষ্ট্রপতির সম্মতি পায়নি। আদালত স্পষ্ট করেছে, ভবিষ্যতে রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে আবেদনকারীরা চাইলে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন। সেই কারণেই আপাতত মামলাগুলি খারিজ করা হয়েছে।

কী রয়েছে গুণ্ডাদমন বিলে?
সম্প্রতি রাজ্য বিধানসভায় গুণ্ডাদমন বিলটি পাস হয়েছে। বিলে বলা হয়েছে, কোনও ব্যক্তিকে ‘গুণ্ডা’ হিসেবে চিহ্নিত করে পুলিশ সুপার বা তার ঊর্ধ্বতন কোনও আধিকারিকের প্রতিবেদনের ভিত্তিতে রাজ্য সরকার প্রয়োজন মনে করলে তাঁকে আটক করার নির্দেশ দিতে পারবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তির একটি নির্দিষ্ট এলাকায় প্রবেশের উপর সর্বোচ্চ এক বছরের জন্য নিষেধাজ্ঞাও জারি করা যেতে পারে।

এই বিল ঘিরে শুরু থেকেই বিরোধী শিবিরের আপত্তি ছিল। তাদের আশঙ্কা, রাজনৈতিক বিরোধিতা দমন বা বিরোধীদের কণ্ঠরোধ করতে এই আইনের অপব্যবহার হতে পারে। যদিও রাজ্যের বিজেপি সরকারের দাবি, আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং রাজ্যকে গুণ্ডামুক্ত করাই এই বিলের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, সুশাসন প্রতিষ্ঠা ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই আইন আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.