অবশেষে বোধদয় ! মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ! সূত্রের খবর, বিরোধীদের অনবরত চাপের মুখে পড়ে , আগামী মাসে , জাতি হিংসায় জ্বলে ওঠা মণিপুরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর , সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহতেই মণিপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী ।
উল্লেখ্য , ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে জাতি হিংসায় উত্তপ্ত মণিপুর । বহু মানুষ বলি হয়েছেন কুকি-মেতেই সংঘাতের ফলে । বহুবারই শান্তি ফেরানোর চেষ্টা করা হলেও , সবই ব্যর্থ হয় । লাগাতার চেষ্টা করা হলেও , বারবারই দফায় দফায় অগ্নিগর্ভ হয়েছে মণিপুর। বহুবার বিরোধীরা প্রধানমন্ত্রী নিজে মণিপুরে যাওয়ার জন্য দাবী জানিয়েছেন । কিন্তু ২০২৩ পেরিয়ে ২০২৫ হয়ে গেলেও মণিপুরে যাননি প্রধানমন্ত্রী।
এই সংঘাতের সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মণিপুরে না যাওয়া নিয়ে বিরোধীদের তোপের মুখে বারবারই পড়তে হয়েছে তাকে। কিন্তু এই বিষয়ে এখনও সেভাবে কোনো মুখই খোলেন নি নরেন্দ্র মোদী। তবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একাধিকবার বিবৃতি দিতে দেখা গিয়েছে । কিন্তু প্রধানমন্ত্রী মোদী উত্তর – পূর্বের এই উত্তপ্ত রাজ্যটি নিয়ে এখনো সেভাবে কিছুই বলেননি ।
উল্লেখ্য , দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যদিও এই হিংসার পড়ে একাধিকবার মণিপুরে গিয়েছেন । কথা বলেছেন স্থানীয়দের সঙ্গে। যার ফলে ক্রমাগতই চাপ বেড়েছে প্রধানমন্ত্রীর উপর । এবার এসবের মাঝেই জল্পনা , যে সেপ্টেম্বরে মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী । সম্ভবত বিরোধীদের চাপে পড়েই , আগামী মাসে মণিপুরে পা পড়তে পারে প্রধানমন্ত্রীর। তবে সরকারিভাবে এখনও এই সফর নিয়ে কিছু নিশ্চিত করা হয়নি ।







