আগামী ২২ জানুয়ারি একদিকে যখন চলবে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ঠিক তখনই বাংলাতেও উন্মোচন হবে রামমূর্তির। তাই গত কয়েকদিন ধরে বাংলায় অর্থাৎ ‘রামলালা প্রতিষ্ঠা উদযাপন’ সমিতির উদ্যোগে জলপাইগুড়িতে গত ১৫ দিন ধরে চলছে মূর্তি তৈরির কাজ। প্রস্তুতিপর্ব প্রায় অন্তিম পর্যায়ে। শহরের বামন পাড়া ৫ নম্বর রেল গুমটি এলাকায় ২২ ফুট উচ্চতা বিশিষ্ট রাম মূর্তি তৈরি করার কাজ শুরু হয়েছে।
২২ ফুটের বিরাট মাপের রাম মূর্তিকে ঘিরে ইতিমধ্যে শহরে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। ওই সমিতির সদস্যরা এদিন বলেন, “অনেকেই ২২ তারিখে অযোধ্যায় যেতে পারবেন না। তাঁরাও যাতে বঞ্চিত না হয়, সেই জন্যই এই ব্যবস্থা। আশা করছি লক্ষাধিক মানুষের ঢল নামবে ওই মূর্তির কাছে।”
সমিতির অন্যতম সদস্য সুবীর কুমার দে এদিন বলেন, “২২ ফুটের রামের মূর্তি উন্মোচনে উপস্থিত থাকবেন একাধিক আশ্রমের সদস্যসহ মসজিদের ইমাম থেকে চার্চের ফাদারও। সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের মানুষও যোগ দেবেন সেই অনুষ্ঠানে। একদিকে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে, অন্যদিকে হবে রামের নাম সংকীর্তন , শিশুদের নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থাও।







