কুয়াশার দাপটে বন্ধ হল গঙ্গাসাগরের সমস্ত বাস পরিষেবা। আর সে কারণেই মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ল না গঙ্গাসাগরের লঞ্চ। আর তার জেরে কচুবেড়িয়ার ৮ নম্বর লটেও লঞ্চ এবং ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যায়। বাবুঘাটেও বাস পরিষেবা বন্ধ রয়েছে। প্রশাসনের এমন অব্যবস্থায় ভয়ঙ্কর অসুবিধায় পড়লেন পুণ্যার্থীরা। লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান করার জন্য লঞ্চের অপেক্ষা করছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সেখানে পৌঁছনোর ব্যবস্থা করা হলেও, বাধ সেধেছে কুয়াশা। অন্য কোনও বিকল্প ব্যবস্থাও নেই। এই মুহূর্তে তীর্থযাত্রীদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। মুড়িগঙ্গা নদীতে বন্ধ ভেসেল। নামখানা পয়েন্টে বন্ধ লঞ্চ পরিষেবা।
সাগরমেলা থেকে কচুবেড়িয়ার মধ্যে বন্ধ বাস পরিষেবাও। কুয়াশা কাটলে তবে পুনরায় পরিবহণ ব্যবস্থা চালু হবে। ফলে স্বাভাবিক ভাবেই মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নং আট পুণ্যার্থীদের ভিড়ে চাপা পড়েছে। কর্তৃপক্ষ থেকে ক্রমাগত ঘোষণা করা হচ্ছে যে যেখানে আছেন, সেখানে অপেক্ষা করুন। পরিষেবা শুরু হলে ফের সবকিছু স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।







