তৃণমূল কংগ্রেসে শুরু হল নেতৃত্বের পালাবদলের নতুন অধ্যায়। প্রবীণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এবার লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন নবীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ভার্চুয়াল বৈঠকে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বড় সিদ্ধান্তের কথা জানান।
দীর্ঘদিন ধরেই অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাদল অধিবেশনে একদিনও সংসদে উপস্থিত ছিলেন না। সেই প্রেক্ষিতেই লোকসভায় নেতৃত্বে পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছিল। মমতা জানান, সুদীপ সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত দলের কাজকর্ম সামলাবেন অভিষেক।
যদিও বৈঠকে সুদীপ জানান তিনি সুস্থ হয়েছেন এবং দিল্লি যেতে প্রস্তুত। তবুও মমতার সাফ বার্তা— ‘‘বিশ্রাম নিন সুদীপদা, এখন অভিষেকই দল সামলাবে।’’
এরপর এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “দিদি এবং সহকর্মী সাংসদদের আস্থায় সম্মানিত বোধ করছি। বাংলার অধিকার ও সম্মানের লড়াই চালিয়ে যাব।” বাংলা ভাষায় শেষ বার্তা— “জয় হিন্দ, জয় বাংলা।”
এই পরিবর্তন নিছক সাংগঠনিক নয়, বরং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। কারণ লোকসভায় অভিষেকের থেকেও অভিজ্ঞ সাংসদ রয়েছেন। কিন্তু দিদি তাঁর উপরেই ভরসা রেখেছেন। অভিষেক শুধু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নন, এখন থেকে তিনি তৃণমূলের সংসদীয় রাজনীতির অন্যতম মুখ।
সম্প্রতি অভিষেককে বিদেশ সফরে পাঠানো, কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলে তাঁকেই বেছে নেওয়া, সবই ছিল ভবিষ্যতের ইঙ্গিত। এবার সেই ইঙ্গিত বাস্তবে রূপ পেল।
তৃণমূলের অভ্যন্তরে ‘প্রবীণ বনাম নবীন’ বিতর্ক বহুদিনের। এবার সেই বিতর্কের মাঝেই স্পষ্ট হল— ভবিষ্যতের নেতৃত্ব কার হাতে। সৌগত রায়ের অসুস্থতা, সুদীপের সরে আসা এবং অভিষেকের উত্থান মিলিয়ে স্পষ্ট— তৃণমূল নিজের ভবিষ্যতের রূপরেখা গুছিয়ে নিতে শুরু করেছে।
দলনেত্রী নিজেই সংসদের দুই কক্ষের দায়িত্বে থাকলেও, এবার লোকসভায় অভিষেকের হাতেই সমস্ত দায়িত্ব। কে কোন বিষয়ে কথা বলবেন, তা ঠিক করবেন তিনিই। এবং মমতার কাছে তা অনুমোদনের জন্য পাঠাবেন।
এইভাবে অভিষেকের সাংগঠনিক ও সংসদীয়— দুই ভূমিকাই এবার পূর্ণতা পেল। এখন দেখার, পরবর্তী পর্যায়ে দল ও সরকারে বাকি প্রবীণদের দায়িত্বেও কী ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইবে?
তৃণমূলের রাজনৈতিক ইতিহাসে সোমবারের সিদ্ধান্ত নিঃসন্দেহে এক মাইলস্টোন। এবং তার কেন্দ্রে— অভিষেক বন্দ্যোপাধ্যায়।







