খেলাধুলা

হারের হ্যাটট্রিক দাদা’র দিল্লির! দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বের অভিজ্ঞতা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ, দিল্লি ক্যাপিটালস (DC) সবই পাচ্ছে। কিন্তু কোথাও যেন ঋষভ পন্থের না থাকাটা অনুভব করা যাচ্ছে। চলতি আইপিএলে এখনও তাদের জয়ের মুখই দেখা হল না।

লখনউ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্সের পর এবার রাজস্থানের কাছেও পরাস্ত হল দিল্লি। অধিনায়কোচিত ইনিংস খেলেও ওয়ার্নার শেষরক্ষা করতে পারলেন না।

শনিবার গুয়াহাটির বিরষাপাড়া স্টেডিয়ামে টসে জিতে ওয়ার্নার প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। আর ব্যাট হাতে নেমেই মারকাটারি মেজাজে দুরন্ত পার্টনারশিপ গড়েন যশস্বী জসওয়াল এবং জস বাটলার। ন’ওভারের আগেই দুই ওপেনার জুটি পৌঁছে যায় একশোর দোরগোড়ায়।

কথায় বলে, ‘মর্নিং শোজ দ্য ডে’। এক্ষেত্রেও তেমনটাই যেন হল। এরপর স্যামসন ও রিয়ান পরাগ দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও হেটমেয়ার পরিস্থিতি সামলে নেন। ফলস্বরূপ, দিল্লির সামনে ২০০ রানের কঠিন লক্ষ্যমাত্রা তৈরি হয়।

এমতাবস্থায় বাংলার মুকেশ কুমার জোড়া উইকেট নিলেও স্যামসনদের বাগে আনা যায়নি। তবে ব্যাট হাতে এদিনও ব্যর্থ পৃথ্বী শ, মণীশ পাণ্ডেরা। কার্যত একা হাতেই ওয়ার্নার দলকে এগিয়ে নিয়ে যান। ওয়ার্নারের সাথে খানিকটা লড়াইয়ের চেষ্টা করেন ললিত যাদবও।

তবে ট্রেন্ট বোল্টের পেস আর চাহালের স্পিনের সামনে দিল্লি একপ্রকার অসহায়ই হয়ে পড়ে। দুই বোলারই তিনটি করে উইকেট তুলে নেন। আর সেই সৌজন্যেই রাজস্থান একপেশে ম্যাচ জিতে নিল।

প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে স্বাভাবিক ভাবেই দিল্লির আত্মবিশ্বাস তলানিতে। এবার দেখার পালা কীভাবে এই পরিস্থিতি থেকে আগামী দিনে ‘দাদা’র দিল্লি ঘুরে দাঁড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.