বরোদার মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়টা কেবল একটা ম্যাচ জয় ছিল না, ছিল ভারতীয় ক্রিকেটের আধিপত্য প্রমাণের এক অনন্য ইতিহাস। কিউইদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে ভারত গড়েছে এমন এক বিশ্বরেকর্ড, যা ক্রিকেটের কুলীন দেশগুলোর ধরাছোঁয়ার বাইরে। ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বের প্রথম দল হিসেবে ২০ বার ৩০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের নজির গড়ল টিম ইন্ডিয়া।
রবিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৩০০ রানের চ্যালেঞ্জিং স্কোর খাড়া করেছিল। কিন্তু ভারতীয় ব্যাটারদের জেদ আর ফর্মের সামনে সেই রানও যেন কম মনে হলো। ৪৯ ওভারেই ৩০৬ রান তুলে জয় ছিনিয়ে নেয় শুভমান গিলের দল। এই জয়ের সাথেই রেকর্ড বুক ওলটপালট করে দিয়েছে ভারত। ৩০০ প্লাস রান তাড়া করে জেতার তালিকায় ভারতের ধারেকাছে কেউ নেই। ইংল্যান্ড ১৫ বার এই কৃতিত্ব দেখিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া ১৪ বার এবং পাকিস্তান ১২ বার এমন সাফল্য পেয়েছে।
এই হারের ফলে নিউজিল্যান্ডের টানা ৯টি ম্যাচে জয়ের যে রাজকীয় দৌড় চলছিল, তাতেও দাঁড়ি পড়ল। গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে অপরাজিত থাকা কিউইরা ভারতের মাটিতে এসে মুখ থুবড়ে পড়ল। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ফর্ম রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কিউই শিবিরের জন্য। এ নিয়ে টানা আটটি ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ভারত। ২০১৭ সালের পর থেকে ভারতে এসে নীল জার্সিধারীদের বিপক্ষে জয়ের মুখ দেখেনি ব্ল্যাক-ক্যাপসরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই ৩০১ রান তাড়া করে জেতাটি ইতিহাসের দ্বিতীয় সেরা জয় হিসেবে জায়গা করে নিল। এর আগে ২০১০ সালে বেঙ্গালুরুতে ৩১৬ রান তাড়া করে জিতেছিল ভারত। সব মিলিয়ে বোরোদার কোটাম্বি স্টেডিয়ামের অভিষেক ম্যাচে ভারত কেবল জয়ই পায়নি, নিজেদের ‘চেজ মাস্টার’ তকমাটাকে নিয়ে গেল এক অন্য মাত্রায়।







