ফের প্রতারনার জালে পুরমন্ত্রী তথা ফিরহাদ হাকিম। মাত্র তিন লক্ষ টাকা দিলেই আলিপুর জেল মিউজিয়ামে মিলবে চাকরি। সেই ফাঁদে পা দিয়ে টাকা দিয়ে নিয়োগপত্রও পেলেও চাকরিতে যোগদান করতে যাওয়ার পরই মাথায় হাত।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই কলকাতা বন্দর এলাকার এক যুবক একটি নিয়োগপত্র হাতে করে আলিপুর জেল মিউজিয়ামে যাওয়ার পর মিউজিয়াম কর্তৃপক্ষ সেই নিয়োগপত্র ভুয়ো বলে জানিয়ে দেয়। শুধু তাই নয় তাতে পুরমন্ত্রী ববি হাকিমের নকল সই এর কথা জানতে পারলে মিউজিয়াম কর্তৃপক্ষের তরফেই বিষয়টি ববি হাকিমের গোচরে আনা হয়। এরপর পুরমন্ত্রীর নির্দেশই ঘটনার তদন্ত শুরু করে আলিপুর থানার পুলিশ।
তাতে প্রভাকর নায়েকের নাম উঠে এলে ভারতীয় জাদুঘরের ওই কর্মীকে গত বৃহস্পতিবার রাতে মিউজিয়াম থেকেই গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সই নকল এবং প্রতারণাসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আলিপুর আদালত প্রভাকরকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। চাকরি বিক্রি এবং সই নকলের এই চক্রে আর কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করতে ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তবে এটি প্রথমবার নয় এর আগেও বহুবার পুরসভার চাকরি বিক্রির ঘটনা প্রকাশ্যে এসেছিল কলকাতার মেয়রের সই এবং সিল জাল করে টাকার বিনিময়ে। সেই ঘটনায় নিউ মার্কেট থানার পুলিশ লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্রের খোঁজ পেয়েছিল।







