পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য চালু হওয়া ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে বড়সড় বিতর্ক। অভিযোগের তীর শাসক দলেরই এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
খড়গপুর ১নং ব্লকের চার নম্বর কলাইকুন্ড অঞ্চলের পশ্চিম অম্বা বুথে এই প্রকল্পের ক্যাম্প বসে গোকুলপুর হাই স্কুল প্রাঙ্গণে। অভিযোগ, একটি রাস্তা মেরামতের আবেদন জানাতে আসেন এক গ্রামবাসী। কিন্তু অভিযোগ জানানোর আগেই তাঁকে অপমান করে ক্যাম্প থেকে বের করে দেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের প্রতিনিধিরাও। তবু ঘটনাটি থামানোর কোনও চেষ্টাই হয়নি বলে অভিযোগ।
সবচেয়ে বিস্ময়কর অভিযোগ, ক্যাম্পে থাকা সরকার নির্ধারিত অভিযোগ বক্সেও পৌঁছতে দেননি প্রধান। ফলে প্রশ্ন উঠছে, প্রকল্প যদি এমন নেতানেত্রীদের দাদাগিরিতে পরিচালিত হয়, তাহলে মানুষ যাবেন কোথায়?
এই ঘটনাকে ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে শুরু হয়েছে প্রবল শোরগোল। বিরোধীদের প্রশ্ন— মুখ্যমন্ত্রীর নাম করে সরকারী প্রকল্পে কি এবার দমনপীড়নের রাজনীতি?
স্থানীয় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনও মন্তব্য মেলেনি, তবে ঘটনায় তদন্তের দাবি তুলেছেন বাসিন্দারা।
রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের এমন চেহারা নিয়ে চিন্তায় পড়েছে জেলা প্রশাসনও। মুখ্যমন্ত্রীর ‘জনগণের দরজায় সরকার’ উদ্যোগ কি স্থানীয় স্তরে রাজনৈতিক প্রভাবের বলি হচ্ছে? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।







