দিল্লির নিজামুদ্দিন এলাকায় এক সামান্য পার্কিং বিবাদ মুহূর্তেই রূপ নিল নৃশংস হত্যাকাণ্ডে। দরজার সামনে রাখা স্কুটার সরাতে বলা—এটাই ছিল ৪২ বছরের আসিফ কুরেশির শেষ অনুরোধ। বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে এক প্রতিবেশী তাঁর বাড়ির প্রবেশপথ আটকে স্কুটার রাখেন। আসিফ বিনীতভাবে সেটি সরাতে বলেন। অভিযোগ, সেই ব্যক্তি অপমানজনক কথা বলে হুমকি দিয়ে চলে যান। কিছু সময় পর ভাইকে সঙ্গে নিয়ে ফিরে এসে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন আসিফের শরীরে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তাঁকে দ্রুত ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শাহিন কুরেশি জানান, অভিযুক্তরা এর আগেও তাঁর স্বামীকে হত্যার চেষ্টা করেছিল।
আসিফ ছিলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির তুতো ভাই এবং পেশায় মুরগির ব্যবসায়ী। তাঁর দুই স্ত্রী রয়েছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। আসিফের চাচা সেলিম কুরেশি বলেন, “শুধু গাড়ি সরাতে বলাতেই আমার ভাইপোকে খুন করা হয়েছে।”
পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং উদ্ধার করেছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। ব্যস্ত নগরীতে এ ধরনের ঘটনা ফের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এমন তুচ্ছ বিষয় থেকে হত্যাকাণ্ড হওয়া অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।







