স্বাধীনতা দিবসের পরেই কি বিএসএফের কোনও পোস্টে হামলার পরিকল্পনা ছিল? পঞ্জাবের অমৃতসর গ্রামীণ পুলিশের অন্তর্গত সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হল টাইম বোমা। অমৃতসর গ্রামীণ পুলিশ এবং স্পেশাল ইন্টেলিজেন্স সেলের যৌথ অভিযানে প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম বিস্ফোরক, টাইমার, ব্যাটারি এবং বেশ কিছু তার উদ্ধার হয়েছে। পাশাপাশি মিলেছে ‘BOP’ লেখা একটি কাগজ। একটি লোহার বাক্সের মধ্যে বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর।
পঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেল সূত্রের দাবি, BOP-এর অর্থ Border Out Post। সেই কারণেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনও গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকিতে হামলা চালানোর উদ্দেশ্যেই এই বিস্ফোরক মজুত করা হয়েছিল।
বিস্ফোরক উদ্ধারের পর নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে সেটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছে বম্ব ডিসপোজাল স্কোয়াড সফলভাবে IED-টি নিষ্ক্রিয় করে। উল্লেখ্য, সম্প্রতি এই এলাকা থেকে কিছুটা দূরেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল।
এবারও প্রায় একই ধরনের ঘটনায় টাইমার, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম-সহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে। পঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেল সূত্রের দাবি, পঞ্জাবের পাশাপাশি সংলগ্ন হরিয়ানা ও দিল্লিতে আগামী দিনে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থাকতে পারে। তবে একাধিকবার সেই ছক বানচাল করছে পঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখা।
জঙ্গি বা স্লিপার সেলগুলি কেন বারবার এই ধরনের নাশকতার চেষ্টা করছে, তাদের পিছনে কারা রয়েছে এবং এই বিস্ফোরক কোথায় ব্যবহারের পরিকল্পনা ছিল—সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালাচ্ছেন পঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেলের আধিকারিকরা।







