রাজ্য

কুয়াশাঘেরা রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, উত্তরবঙ্গে ডিউটি শেষে প্রাণ হারালেন কলকাতার জুনিয়র চিকিৎসক

কুয়াশায় ঢেকে থাকা রাতের রাজ্য সড়কে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। উত্তরবঙ্গের নকশালবাড়ি এলাকায় দুটি চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক জুনিয়র চিকিৎসক। মৃত চিকিৎসকের নাম সায়ন্তনী ভাদুড়ি। তিনি কলকাতার বাসিন্দা এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ছিলেন। এই ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন জুনিয়র চিকিৎসক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জানা গিয়েছে, রবিবার ডিউটি শেষে চারজন জুনিয়র ডাক্তার একটি গাড়িতে করে পানিঘাটার দিকে যাচ্ছিলেন। সেই সময় উলটো দিক থেকে শিলিগুড়িগামী একটি চারচাকার গাড়ির সঙ্গে তাঁদের গাড়িটির মুখোমুখি ধাক্কা লাগে। নকশালবাড়ির কদমমোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুই গাড়ির চালকই সময়মতো সামনে আসা গাড়িটি দেখতে পাননি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সায়ন্তনী ভাদুড়ির। একজন আহত চিকিৎসককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত চিকিৎসকের পরিবারকে কলকাতায় খবর পাঠানো হয়েছে। সায়ন্তনী ভাদুড়ির দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

শীতের মরশুমে কুয়াশার জেরে উত্তরবঙ্গে একের পর এক পথ দুর্ঘটনার খবর সামনে আসছে। এই দুর্ঘটনায় এক তরুণ, প্রতিশ্রুতিবান চিকিৎসকের অকালমৃত্যুতে শোকস্তব্ধ সহপাঠী ও শিক্ষক মহল। তাঁদের মতে, চিকিৎসা জগৎ হারাল এক উদীয়মান মুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.