কলকাতা

নিউটাউনে ফের বেপরোয়া গতির বলি, সরকারি বাসের ধাক্কায় প্রাণ হারালেন মহিলা কর্মী

কলকাতার উপকণ্ঠ নিউটাউনে ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকাল, প্রতিদিনের মতোই অফিসের উদ্দেশ্যে স্কুটি নিয়ে বেরিয়েছিলেন বনশ্রী পাল নামে এক বেসরকারি সংস্থার মহিলা কর্মী। ব্যস্ততম বিশ্ববাংলা গেটের সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই পিছন থেকে এয়ারপোর্টমুখী একটি সরকারি বাস জোরে ধাক্কা মারে তাঁর দু’চাকার যানটিতে। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন বনশ্রী। মাটিতে লুটিয়ে পড়া অবস্থাতেই বাসের চাকা গড়িয়ে যায় তাঁর উপর দিয়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা আর বাঁচাতে পারেননি। ঘটনাস্থলে মুহূর্তে ভিড় জমে যায় স্থানীয়দের। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বাড়ি নিউটাউনের কাছেই। প্রতিদিনের মতো সেদিনও কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। কিন্তু সকাল সকাল কর্মব্যস্ত সময়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আবারও বড় প্রশ্ন তুলে দিল নিউটাউনের ব্যস্ত রাস্তায় নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, সিগন্যালে দাঁড়িয়ে থাকা যানবাহনের পিছনে বেপরোয়া বাস বা গাড়ির ধাক্কা নতুন কিছু নয়। বহুবার পুলিশের বৈঠক, সতর্কতা জারি, এমনকি সরকারি বাস চালকদের কড়া বার্তাও দেওয়া হয়েছে। তবু বেপরোয়া গতি কমছে না। উল্লেখ্য, মাত্র একদিন আগেই একই এলাকায় বাইকের ধাক্কায় প্রাণ গিয়েছিল সুবীর চক্রবর্তী নামে এক ব্যক্তির। টানা দুই দিনে পরপর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে পথচারীদের মধ্যে। স্থানীয়রা বলছেন, কঠোর ব্যবস্থা না নিলে নিউটাউনকে ‘মৃত্যুফাঁদ’ হয়ে উঠতে আর বেশি সময় লাগবে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে দুর্ঘটনার দায় এড়াতে পারছে না প্রশাসনও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.