সময় ৩৬৫ ডেস্কঃ বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশকে সুস্থ রাখতে বৃক্ষরোপনের জুড়ি মেলা ভার। এই উদ্দেশ্যকে সামনে রেখে ডায়মন্ড হারবার থানা এলাকার মশাট রঘুনাথনগরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় গ্লোরিয়াস গ্রুপ অফ স্কুলের কচিকাঁচাদের নিয়ে আয়োজিত হলো একটি বৃক্ষরোপণ কর্মসূচির।

এদিন রঘুনাথনগর গ্রামে স্কুল সংলগ্ন বিভিন্ন এলাকায় ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সহযোগিতায় স্কুলের কচিকাঁচাদের দিয়ে কয়েক হাজার গাছ রোপন করা হয়। সেই সঙ্গে পরিবেশ বাঁচাতে গাছের ভূমিকা। বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সম্বন্ধে ছাত্রছাত্রীদের কাছে আলোকপাত করা হয়। এবং বৃক্ষের পরিচর্যা যাতে ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে করে সেই জন্য নির্দিষ্ট সময় অন্তর সেইসব বৃক্ষের স্বাস্থ্যের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলনামূলক প্রতিযোগিতা ও পুরস্কারের কথাও বলা হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিল্পী সমাজসেবী বুদ্ধদেব চ্যাটার্জি, উদ্যোক্তা সায়ন বৈদ্য, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ও এলাকার গ্রামবাসীরা।
গ্লোরিয়াস গ্রুপ অফ স্কুলের প্রতিষ্ঠাতা শাকিল আনসারী শেখ জানায়, “গ্লোবাল ওয়ার্মিং তথা বর্তমান পরিবেশ প্রতিকূলতার কথা মাথায় রেখে তার এই ছোট্ট উদ্যোগ এবং গ্রামের এই অবৈতনিক বিদ্যালয়ের ছোট্ট ছাত্র- ছাত্রীরা এই সচেতনতার ধারাকে প্রবাহমান রাখার জন্য আদর্শ যার ফলে তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন”। সেই সঙ্গে এই আয়োজনে সাথে থাকার জন্য ওই সেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ ও জানিয়েছেন তিনি। এবং পরবর্তীতে এ ধরনের আরও সমাজ সচেতনতা মূলক কর্মসূচী আয়োজন করার কথাও জানান তিনি।







