খেলাধুলা

ফাইনালে নাটকীয় প্রত্যাবর্তন, পুরুষদের কমপাউন্ডে ভারতের সোনালি ইতিহাস

ভারতীয় তিরন্দাজির পাতায় যোগ হল এক নতুন অধ্যায়। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের মঞ্চে পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতে নিল ভারত। রবিবার ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়লেন ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুগে। ফাইনালের শুরুতে পিছিয়ে পড়েও দৃঢ় মানসিকতা আর নিখুঁত নিশানার জোরে ম্যাচ ঘুরিয়ে দিল ভারতীয় দল।

প্রথম সেটে ভারত পিছিয়ে যায় ৫৭-৫৯ পয়েন্টে। চাপ বাড়ছিল প্রতি মুহূর্তে। তবে দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান তিন ভারতীয় তিরন্দাজ। একের পর এক ছ’টি পারফেক্ট টেন তুলে সমতা ফেরান তাঁরা। ম্যাচ তখন ১১৭-১১৭। তৃতীয় সেটও শেষ হয় সমতায়, ১৭৬-১৭৬। নির্ণায়ক চতুর্থ সেটে চাপে ভেঙে পড়ে ফ্রান্স। দুইটি নাইন মারেন তাঁদের তিরন্দাজেরা। সেখানেই এগিয়ে যায় ভারত। ম্যাচের শেষ তির ছোড়েন প্রথমেশ ফুগে। ঠান্ডা মাথায় তিনি আনেন পারফেক্ট টেন, নিশ্চিত করেন ভারতের সোনালি জয়।

এই প্রথম পুরুষদের দলগত কমপাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। কোচ জিওয়ানজ্যোৎ সিংহ তেজা বলেন, ‘‘এটা নিখাদ টিম ওয়ার্কের জয়। তবে শেষ মুহূর্তে প্রথমেশের ঠান্ডা মাথার শট প্রমাণ করেছে দলের মানসিক দৃঢ়তা।’’ এই সোনা নিঃসন্দেহে ভারতীয় তিরন্দাজির ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলল।

তবে একই দিনে ভারতকে হতাশ হতে হয়েছে মহিলা কমপাউন্ড ইভেন্টে। আট বছর পর এই বিভাগে কোনও পদক আসেনি। প্রিকোয়ার্টার ফাইনালে ইটালির কাছে ২২৯-২৩৩ ব্যবধানে হেরে বিদায় নেয় মহিলা দল। দিনের শুরুতে মিক্সড টিম ইভেন্টে রুপো জেতে ভারত। ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ১৫৫-১৫৭ পয়েন্টে হেরে গেলেও, ঋষভ এবং জ্যোতি সুরেখার জুটি লড়াই করে দেশের জন্য দ্বিতীয় পদক নিশ্চিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.