বয়স মাত্র পাঁচ। নাম ঐতিহ্য দাস। প্রাথমিক শিক্ষিকা মায়ের কাজের জায়গা উত্তর দিনাজপুরে, আর সে থাকে আসানসোলে বাবার সঙ্গে। মাসের পর মাস মাকে পাশে না পেয়ে একদিন নিজের কষ্ট লিখে ফেলল খাতার পাতায়। খোদ মুখ্যমন্ত্রীকেই সম্বোধন করল— নাম দিল ‘প্রিয় মমতা দিদুন’।
ঐতিহ্যের কথায়, “আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। আমি মাকে খুব ভালবাসি।” চিঠির ছত্রে ছত্রে ধরা পড়েছে মায়ের জন্য তার মনখারাপ। আর্জি একটাই— যেন মাকে দ্রুত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ছোট্ট ঐতিহ্য লিখেছে, যদি তা হয়, তবে আবার চিঠি লিখে ‘দিদুন’-কে ধন্যবাদ জানাবে।
ঐতিহ্যের মা স্বাগতা পাইন ২০২১ সালে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পান। তখন থেকেই তাঁকে উত্তর দিনাজপুরের রহমতপুর স্কুলে কাজ করতে হয়। কর্মস্থল দূরে হওয়ায় ছেলে আসানসোলে দাদু ও বাবার কাছে বড় হচ্ছে। ছোট্ট ঐতিহ্যও জানে, মাকে কাছে পাওয়ার একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী।
স্বাগতার কথায়, “আমরা অনেকবারই অনুরোধ জানিয়েছি, যাতে আমাদের নিজ নিজ জেলায় বদলি করা হয়। কিন্তু কাজ হয়নি। ছেলের এই উদ্যোগে আমি সত্যিই অবাক হয়েছি। ওকে কেউ শেখায়নি, শুধু আমাদের দেখে শিখেছে।”
শিশুর এই সরল চিঠি এখন অনেকের মন ছুঁয়েছে। মায়ের সান্নিধ্য পাওয়ার তাগিদে খোলা চিঠি— এ যেন পাঁচ বছরের এক শিশুর কাতর আকুতি।







