জেলা

দাশনগরে আরতি কটন মিল ইস্যুতে তৃণমূল-বিজেপি মুখোমুখি

হাওড়ার দাশনগরে আরতি কটন মিলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উৎপাদন। কর্মীরা বেতন এবং পুজোর আগে বোনাস না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন। সেই আবহেই বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল মিল প্রাঙ্গণে। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনে পৌঁছনোর আগেই তাঁর গাড়ি ঘেরাও করেন তৃণমূল সমর্থিত শ্রমিকদের একাংশ। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

অভিযোগ, মিল বন্ধ থাকায় মাসের পর মাস বেতন পাননি শ্রমিকেরা। ফলে উৎসবের মরসুমেও তাঁদের হাতে আসেনি কোনও বোনাস। সেই দাবি নিয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ মোতায়েন করা হয় এলাকায়।

ঘটনার মাঝেই শমীক ও মনোজের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। শমীক প্রশ্ন তোলেন একজন খেলোয়াড় হয়ে মনোজ কেন খেলাকে বাধা দিতে চাইছেন? জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, “খেলা বন্ধ করতে আসিনি। কিন্তু শ্রমিকদের না খাইয়ে মিলের মাঠে উৎসব মানায় না।”

শমীক দাবি করেন, তিনি বিষয়টি ইতিমধ্যেই সংসদে তুলেছেন এবং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় মিল আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে, তবে তার জন্য রাজ্যের সহযোগিতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আশ্বাস দেন, সংসদীয় কমিটির সদস্য হিসেবে তিনি সমস্যা মেটাতে চেষ্টা করবেন।

শেষ পর্যন্ত তৃণমূল সমর্থিত বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তীব্র বাকযুদ্ধ না হলেও এদিন দাশনগরের মিলমাঠে রাজনৈতিক তরজা ফের চড়াল পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.