আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। আর সেই শুনানির দিনেই শুক্রবার শিয়ালদহ আদালতের বাইরে তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে প্রকাশ্যে আক্রমণ করলেন নির্যাতিতার মা। সীমার উদ্দেশে তিনি বলেন, “এই হচ্ছে শয়তান, এই হচ্ছে মেন কালপ্রিট।” এমনকি সিবিআইয়ের আইনজীবীদের দিকেও অভিযোগ ছুঁড়ে দেন— “আপনারা সরকারের মাইনে নেন, আপনাদের চাকরি খেয়ে নেওয়া উচিত। আদালতে ঢুকতে দেননি, নারাজি পিটিশন দিতেও বাধা দিয়েছেন।”
প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালত চত্বরের একটি দোকানের সামনে সীমা পাহুজা ও অন্য আধিকারিকরা যখন আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন, তখনই হঠাৎ নির্যাতিতার মা তাঁদের লক্ষ্য করে ক্ষোভ উগরে দেন। যদিও সীমা পাহুজা, অন্যান্য অফিসার কিংবা সিবিআইয়ের আইনজীবীরা কোনও প্রতিক্রিয়া দেননি। পরে নির্যাতিতার মা-বাবাকে আইনজীবী ও আদালত চত্বরের পুলিশ সরিয়ে নিয়ে যান।
উল্লেখ্য, ঘটনার একদিনের মধ্যে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে মামলাটি যায় সিবিআইয়ের হাতে। দীর্ঘ তদন্তের পর সঞ্জয়কে যাবজ্জীবন তথা আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। কিন্তু তবুও পরিবার সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার দাবি জানায়।
ষষ্ঠ রিপোর্টে সিবিআই আদালতকে জানিয়েছে, নতুন ছ’জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। তবে নির্যাতিতার পরিবারের আইনজীবী প্রশ্ন তুলেছেন— সাজা ঘোষণার সময় অন্তত চার আধিকারিকের গাফিলতি আদালতই চিহ্নিত করেছিল, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিল কি সিবিআই? প্রমাণ লোপাট বা আত্মহত্যা হিসেবে ঘটনাকে সাজানোর চেষ্টা হয়েছিল কি না, তার তদন্ত কোথায়?
সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ধর্ষণ ও খুন সংক্রান্ত জরুরি প্রমাণ যথাযথভাবে সংগ্রহ করা হয়েছে। তবে সব অফিসারই ঘটনায় জড়িত নন। যাঁদের ভূমিকা নিয়ে আদালত প্রশ্ন তুলেছে, সেটি বিভাগীয় বিষয়, খুন-ধর্ষণের তদন্ত নয়। বৃহত্তর ষড়যন্ত্রের দিকেই তদন্ত এগোচ্ছে।
আগামী ১৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন আরও একটি রিপোর্ট পেশ করতে পারে সিবিআই।
এই কাণ্ডে নির্যাতিতার মায়ের আদালত চত্বরের আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।







