কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডে বাজারের দোকান বরাদ্দকে কেন্দ্র করে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে হকারদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এ বিষয়ে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাজারের একাধিক ব্যবসায়ী।
অভিযোগকারীদের দাবি, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে বাজারে নতুন দোকান নির্মাণ ও বরাদ্দের সময় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। দোকানের আকার অনুযায়ী আলাদা হারে টাকা ধার্য করা হয় বলে অভিযোগ। বাজারের অন্তত ১৩০ জন হকার অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে।
হকারদের অভিযোগ, শুধুমাত্র দোকানের জায়গা বরাদ্দ নয়, নতুন তৈরি হওয়া বেশ কয়েকটি দোকানও বিক্রি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, প্রতিটি দোকানের জন্য প্রায় ৬ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি অভিযোগকারীদের।
ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে এবং দোকান পাওয়ার আশায় তাঁরা সেই সময় টাকা দিতে বাধ্য হয়েছিলেন। তবে বর্তমানে তাঁরা প্রকাশ্যে এসে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, কারও কাছ থেকে বেআইনিভাবে অর্থ নেওয়া হয়ে থাকলে তার হিসাব সামনে আনা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। অভিযোগপত্রে কাউন্সিলরের পাশাপাশি আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্তদের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক কারণেও শিরোনামে এসেছিলেন সুশান্ত ঘোষ। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে তিনি কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। সেই ঘটনার পর ফের নতুন বিতর্কে তাঁর নাম জড়ানোয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।







