গ্রেটার নয়ডায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল সকালের ব্যস্ত মুহূর্ত। দীর্ঘদিনের মানসিক সমস্যায় ভুগছিল ১১ বছরের ছেলে। সেই অবস্থার চাপ আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত অবসাদে ছেলেকে নিয়েই বহুতলের বারান্দা থেকে ঝাঁপ দিলেন মা। মৃত্যু হয়েছে দু’জনেরই। ঘটনাটি ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সাক্ষী চাওলা (৩৭)। তাঁর ছেলে দক্ষ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিল এবং চিকিৎসাধীন ছিল। পরিবারের দাবি, সেই কারণেই মানসিক চাপে ছিলেন সাক্ষী। শনিবার সকালে নয়ডার আবাসনের ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি ও তাঁর ছেলে।
স্বামী দর্পণ চাওলা, যিনি পেশায় সিএ, সেই সময় বাড়িতেই ছিলেন। তিনি পুলিশকে জানান, অন্য ঘরে থাকার সময় আচমকা স্ত্রীর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন, বারান্দা থেকে ঝাঁপ দিয়েছেন স্ত্রী ও ছেলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ সাক্ষীর ঘর থেকে একটি নোট উদ্ধার করেছে। চিরকুটে লেখা, “আমরা এই পৃথিবী ছেড়ে যাচ্ছি। আমরা আর তোমাকে কষ্ট দিতে চাই না। আমাদের জন্য তোমার জীবন নষ্ট হওয়া উচিত নয়। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”
প্রতিবেশীরা জানিয়েছেন, চাওলা পরিবার অত্যন্ত মিশুক স্বভাবের ছিল। তাদের সংসারে বিশেষ কোনও অশান্তি ছিল না। সবাইকে সঙ্গে নিয়ে চলতেন তারা। তাই হঠাৎ এমন ঘটনায় হতবাক আবাসনের বাসিন্দারা।
সেন্ট্রাল নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার শক্তি অবস্থি জানিয়েছেন, “সুইসাইড নোট উদ্ধার হয়েছে। জানা গিয়েছে ছেলেটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। স্বামী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চলছে।”
এই মর্মান্তিক ঘটনা গ্রেটার নয়ডায় গভীর চাঞ্চল্য সৃষ্টি করেছে। মানসিক চাপ কীভাবে পরিবারের উপর অপ্রতিরোধ্য প্রভাব ফেলতে পারে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চারদিকে।







