বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরা ফেরি আবারও নতুন অধ্যায় শুরু করতে চলেছে। দীর্ঘদিন ধরে চলা মতবিরোধ ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে অভিনেতা পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন যে, তিনি ‘হেরা ফেরি ৩’-এ অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে ফিরছেন। অর্থাৎ, আবারও বড়পর্দায় একত্রিত হতে চলেছেন শ্যাম, রাজু এবং বাবুরাওয়ের ত্রয়ী।
চলতি বছরের শুরুতে পরিচালক প্রিয়দর্শনের ছবিটি থেকে হঠাৎই সরে দাঁড়ান পরেশ, যা বিস্মিত করেছিল ভক্ত থেকে সহ-অভিনেতা অক্ষয় কুমারকেও। অভিযোগ ওঠে, তাঁর সিদ্ধান্ত প্রোডাকশনের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করেছিল। এমনকি অক্ষয়ের পক্ষ থেকে তাঁকে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছিল। শুরু হয় আইনি টানাপোড়েন। তবে পরেশ পরে জানান, তাঁর কাছে যথেষ্ট কারণ ছিল ছবিটি না করার, এবং তিনি স্বাক্ষরের অর্থ সুদ-সহ ফিরিয়ে দিয়েছেন। একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, এই বিরোধ কোনোভাবেই তাঁর ও প্রিয়দর্শনের ব্যক্তিগত বা পেশাদার সম্পর্ক নষ্ট করেনি। বরং এই ঘটনার মধ্য দিয়ে তাঁদের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হয়েছে।
এক সাক্ষাৎকারে পরেশ বলেন,”অনেক কিছু ঘটেছে, তবে ক্ষত শুকিয়ে গিয়েছে। সম্পর্ক ভাঙেনি, বরং আরও স্বচ্ছ ও দৃঢ় হয়েছে।” তিনি আরও যোগ করেন, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে ছবির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও অতীতে তিনি বাবুরাও চরিত্রে অভিনয় করতে করতে কিছুটা ক্লান্তির কথা বলেছিলেন, তবুও দর্শকরা তাঁকেই বাবুরাও হিসেবে দেখতে চান। বাবুরাওকে কেন্দ্র করে আলাদা একটি স্পিন-অফ ছবির সম্ভাবনা নিয়েও জল্পনা ছিল। তবে অভিনেতা জানিয়েছেন,”আমরা বাবুরাও স্পিন-অফ নিয়ে আলোচনা করিনি। আমি মনে করি বাবুরাও একা দাঁড়াতে পারবে না। শ্যাম আর রাজু ছাড়া বাবুরাও সম্পূর্ণ নয়।”
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’ এবং ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’। দুই ছবিতেই পরেশ রাওয়ালের বাবুরাও গনপত্রাও আপ্তে চরিত্রটি দর্শকদের কাছে আইকনিক হয়ে ওঠে। তাঁর সংলাপ, অনন্য অভিব্যক্তি এবং অদ্ভুত হাস্যরস আজও জনপ্রিয়। প্রিয়দর্শন ও পরেশ ইতিমধ্যেই একসঙ্গে দশটিরও বেশি ছবিতে কাজ করেছেন। ‘হেরা ফেরি ৩’ তাঁদের সহযোগিতার ১৫তম প্রকল্প হতে চলেছে। সব মিলিয়ে দর্শকের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। প্রিয় ত্রয়ীকে আবারও একসঙ্গে দেখে হাসি আর বিনোদনে ভরপুর অভিজ্ঞতা পাওয়ার অপেক্ষায় ভক্তরা।







