আরো একবার দুর্যোগের মুখোমুখি উত্তরাখণ্ড। বুধবার মেঘ ভাঙ্গা বৃষ্টিতে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে চামোলি। বৃষ্টির পর গভীর রাত আড়াইটে নাগাদ আচমকাই পাহাড় থেকে ধেয়ে নামে কাদা, মাটি আর পাথরের ভয়াল ঢল। ধ্বংস হয় চামোলি জেলায় নন্দানগর এলাকার ফালি কুঁত্রি, সান্তি কুঁত্রি, ভৈনসওয়ারা এবং ধুরমা গ্রামের একাধিক ঘরবাড়ি। শুধুমাত্র কুন্ট্রি লাঙ্গাফালি ওয়ার্ডে ৬টি বাড়ি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত নিখোঁজ সাত জন। ধ্বংসস্তূপের নিচ থেকে কিছুজনকে উদ্ধার করা গেলেও উদ্ধারকারীদের আশঙ্কা, এখনও অনেকেই আটকে আছেন ধ্বংসস্তূপের তলায়। আবহাওয়া অফিস জানাচ্ছে, এখনই থামবে না এই বৃষ্টি,ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে বৃহস্পতিবারও। খারাপ আবহাওয়ায় উদ্ধারকার্য ব্যাহত হওয়ায় চিন্তা বাড়ছে প্রশাসনের।
চলতি বর্ষায় বারবার মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বান উত্তরাখণ্ডকে প্রায় বিপর্যস্ত করে তুলেছে। কয়েক সপ্তাহ আগেই উত্তরকাশীতে ক্ষীরগঙ্গা নদীর জলে ভেসে গিয়েছিল সুক্কি, ধরালী-সহ একাধিক গ্রাম, প্রাণ হারিয়েছিলেন অন্তত পাঁচ জন। সোমবার দেহরাদূন-সহ রাজ্যের নানা প্রান্তে নতুন করে বিপর্যয় সংগঠিত হয়ে মৃত্যু হয় আরও ১৫ জনের।জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, জেসিবির সহায়তায় রাস্তা খোলার চেষ্টা চলছে। ত্রাণ কেন্দ্র চিহ্নিত করে ত্রাণ সরবরাহ করা হয়েছে এবং লোকজনকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হচ্ছে।






