প্রায় ৩৬ কোটি বছর আগে প্রথমবার মাছরা ডাঙায় ওঠা শিখেছিল। তখন থেকেই পাখনা থেকে ধীরে ধীরে তৈরি হতে থাকে পা, পরে জন্ম নেয় আঙুল। কোটি কোটি বছরের বিবর্তনের ধারায় সেই পা-ই একদিন রূপ নেয় মানুষের হাতের আকারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এমনই বিস্ময়কর তথ্য। মানুষের হাত তাকে প্রাণীকুলে বিশেষ মর্যাদা দিয়েছে। মস্তিষ্কের বিকাশ ও সৃজনশীলতার ক্ষেত্রে হাতের অবদান অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই হাতের উৎস কোথায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা বহু বছর ধরে জীবাশ্ম, মাছ এবং স্থলচর প্রাণীর ভ্রূণ নিয়ে গবেষণা করে আসছেন।
আমেরিকার কানসাস সিটির স্টোয়ার ইনস্টিটিউটের গবেষক অরেলি হিন্টারম্যান ও তাঁর দল ডিএনএ কাটাছেঁড়ার আধুনিক প্রযুক্তি ক্রিসপিয়ার ব্যবহার করে দেখেছেন, হাত-পায়ের গঠনে কোনও নতুন জিনের জন্ম হয়নি। বরং বহু পুরনো জিনই নতুন ভূমিকায় হাজির হয়েছে, পরিবর্তিত কাজের মাধ্যমেই ঘটেছে বিবর্তন। ভ্রূণের প্রতিটি কোষে জিনসেট থাকে। কখনও তা সক্রিয় হয়, কখনও আবার নিষ্ক্রিয় থেকে যায়। আশপাশের কোষগুলিও পরস্পরকে বার্তা পাঠায় কোন জিন চালু হবে, কোনটি হবে না। অনেকটা চাবি দিয়ে তালা খোলার মতো কাজ করে এই প্রক্রিয়া।
২০১১ সালে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ডেনিস ডুবয়েল ও তাঁর দল খুঁজে পান এমনই কয়েকটি জিন নিয়ন্ত্রক অংশ, যেগুলো হাত-পায়ের গঠনে বিশেষ ভূমিকা রাখে। এই অংশটির নাম দেওয়া হয় ৫ডিওএম। পরে ডুবয়েলের ছাত্র ক্রিস্টোফার বোল্ট প্রমাণ করেন, জেব্রাফিশের শরীরেও একই জিনসেট রয়েছে। কিন্তু কাজটা কী? সেই রহস্য ভেদ করতে গিয়ে হিন্টারম্যান ও তাঁর দল জেব্রাফিশের ভ্রূণ থেকে ‘৫ডিওএম’ সরিয়ে দেন। তাঁদের ধারণা ছিল, তাতে হয়তো পাখনা তৈরি হবে না। কিন্তু দেখা গেল, পাখনা তৈরি হয়েছে স্বাভাবিক নিয়মে বরং সমস্যা দেখা দিয়েছে মাছের লেজের অংশে।
গবেষকদের অনুমান, প্রায় ৫০ কোটি বছর আগে ‘৫ডিওএম’ মূলত লেজের অংশের গঠন নিয়ন্ত্রণ করত। কিন্তু যখন মাছ ডাঙায় ওঠা শুরু করে (প্রায় ৩৬ কোটি বছর আগে), তখন এর কাজ বদলে গিয়ে পায়ের গঠনেও ভূমিকা রাখতে শুরু করে। আর সেখান থেকেই ধীরে ধীরে মানুষের হাতের জন্ম। হার্ভার্ডের জীববিজ্ঞানী এম ব্রেন্ট হকিন্স এই প্রক্রিয়াকে তুলনা করেছেন গানের সঙ্গে। তাঁর কথায়, “নতুন গান লেখার দরকার হয়নি, পুরনো গানকেই নতুনভাবে সাজানো হয়েছে। ঠিক সেইভাবেই নতুন জিন তৈরি হয়নি, বরং পুরনো জিনের ভিন্ন ব্যবহারেই হাত-পা তৈরি হয়েছে।” তবে এখনও প্রশ্ন রয়ে গেছে ঠিক কীভাবে এই পরিবর্তন ঘটল? শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিবর্তনবিদ নীল শুবিন জানিয়েছেন, “এখনও বিষয়টি স্পষ্ট নয়। আমাদের আরও গবেষণা চালাতে হবে, যাতে বোঝা যায় কীভাবে এই রূপান্তর সম্ভব হয়েছিল।”







